কাউখালীতে যুব সমাজের মাঝে ইউপিডিএফের ক্রীড়া সামগ্রী বিতরণ

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বেলা ২টার সময় ইউপিডিএফের কাউখালী ইউনিটের উদ্যোগে ঘাগড়া ইউনিয়নের লেভাপাড়া, কজইছড়ি উপর পাড়া, কজইছড়ি নিচ পাড়া, চেলাছড়াসহ ৬টি গ্রামের যুব সমাজের মাঝে ভলিবল (নেটসহ) ও ফুটবল বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ইউপিডিএফের কাউখালি ইউনিটের সংগঠক নিকন চাকমা, সদস্য রিপেল চাকমা। এছাড়া আরো উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের নেতা দয়ারণ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কাউখালি উপজেলা শাখার সাধারণ সম্পাদক একামনি চাকমা।

এসময় নিকন চাকমা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সুষ্ঠু, সুন্দর সমাজ বির্নিমাণের জন্য যুব সমাজের দায়িত্ব রয়েছে। প্রত্যেক গ্রামের যুবকরা সঠিক ভূমিকা পালন করলে সমাজকে সৃশৃঙ্খল ও ঐক্যবদ্ধ রাখা সম্ভব। একইভাবে লড়াই সংগ্রামের ক্ষেত্রেও যুব সমজের ভূমিকা অপরিসীম। তাই আমাদের যুব সমাজকে মাদক, জুয়া থেকে শুরু করে সামাজিক অবক্ষয় থেকে মুক্ত থেকে সমাজ ও জাতির জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে সেনা-শাসকগোষ্ঠী প্রতিক্রয়াশীল অংশের সাথে মিলে ইউপিডিএফের ওপর দমন-পীড়ন বৃদ্ধি করেছে। ইউপিডিএফের সাংগঠনিক এলাকায় সেনা অপারেশনের নামে নিরীহ পাহাড়ি জনগণের ঘরবাড়ি তল্লাশিসহ নানা হয়রানি ও নিপীড়ন চালানো হচ্ছে। তাই সকল যড়যন্ত্র ও দমন-পীড়নের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি অনুষ্ঠান সফল করার জন্য যুব সমাজকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও পার্টির উদ্যোগে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
