খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মী ববিন ত্রিপুরা খুনসহ রাজনৈতিক ধরপাকড়ের নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি
দেশে ক্রমবর্ধমান বিচারবহির্ভুত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ

ঢাকা, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক সাধারণ সভায় গত ২৪ জুন খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ কর্মী ববিন ত্রিপুরা খুন এবং মাটিরাঙ্গা, রামগড় ও গুইমারায় রাজনৈতিক ধরপাকড়ের নিন্দা জানানো হয়েছে। সভায় দেশ ক্রমবর্ধমান বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় হেফাজতে খুনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
উক্ত সভায় জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অপরাধীদের যথাযথ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। সভায় আরও বলা হয়, বিচারের নামে মিথ্যা মামলা, ত্রুটিপূর্ণ বিচারপ্রক্রিয়া, আটক বাণিজ্য প্রকৃত অপরাধীদের বিচারের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।
সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর নিপীড়ন ও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দাবি জানিয়ে সব ধরনের মবসন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সম্প্রতি গাজীপুরে পোশাকশ্রমিক রুবিনা বেগমের মৃত্যু সম্পর্কে অধিকার কমিটির নেতারা সভায় বলেছেন, রুবিনা বেগম কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কারখানার অবহেলায় ছুটি না পেয়ে মৃত্যুবরণ করেন। তাঁরা বলেন, গাজীপুরে সাত পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে, ছাঁটাইয়ের কারণে এবং কারখানার অবহেলাজনিত শ্রমিকের মৃত্যুবরণের ঘটনায় বিক্ষোভ চলমান রেখেছেন। কারখানার অবহেলার কারণে শ্রমিকের মৃত্যুর ঘটনার বিচার এবং শ্রমিকদের ন্যায্য বেতন ও শ্রমের অধিকার নিশ্চিতে শ্রম মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অধিকার কমিটি।
এ সভার সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিসহ ‘জাতীয় স্বার্থবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে ১৭ জুলাই বেলা সাড়ে তিনটায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করবে অধিকার কমিটি।
কমিটির গতকালের সভায় সভাপ্রধান ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিটির সদস্য অধ্যাপক সামিনা লুৎফা, চিকিৎসক হারুন উর রশীদ ও নাজমুস সাকিব, লেখক চৌধুরী মুফাদ আহমেদ, সংস্কৃতিকর্মী বীথি ঘোষ, জামশেদ আনোয়ার, সজীব তানভীর ও একরাম হোসেন, গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, চলচ্চিত্রকর্মী আকরাম খান, রাজনৈতিক কর্মী শহীদুল ইসলাম সবুজ, কামাল হোসেন বাদল, অনুপ কুন্ডু, অমল ত্রিপুরা, সমর চাকমা, রাফিকুজ্জামান ফরিদ, গাজী আলাউদ্দিন প্রমুখ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
