খাগড়াছড়িতে শহীদ রমেল চাকমার ৯ম মৃত্যুবার্ষিকীতে প্রদীপ প্রজ্বলন

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সেনাবাহিনীর নির্যাতনে শহীদ ছাত্রনেতা রমেল চাকমার ৯ম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়ি সদর এলাকায় প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শহীদ রমেল চাকমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মসূচিতে পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক স্বপন চাকমার সঞ্চালনঅয় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক সুনীল চাকমা।

সঞ্চালনাকালে স্বপন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন, আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, শহীদ রমেল চাকমা আজও ছাত্রসমাজের মাঝে জীবন্ত অনুপ্রেরণা হয়ে আছেন। তার আদর্শ ও আপোষহীন সংগ্রাম সংগঠনের পথচলায় শক্তি জোগাবে।
সুনীল চাকমা বলেন, ২০১৭ সালের ৫ এপ্রিল রাঙামাটির নান্যাচরে সেনাবাহিনীর একদল সদস্য ছাত্রনেতা রমেল চাকমাকে গ্রেফতারের পর সেনাজোনে নিয়ে তার ওপর মধ্যযুগীয় নির্যাতন চালায়। পরে সেনাবাহিনী তাকে মুমুর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে ১৯ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হত্যাকাণ্ডের পর পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশে ব্যাপক প্রতিবাদ হলেও আজও এর বিচার হয়নি। বরং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সেনারা রমেল চাকমার মরদেহ পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর না করে সামাজিক রীতিনীতি ছাড়াই পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলে, যা একটি সভ্য সমাজে অকল্পনীয়। দীর্ঘ ৯ বছরেও এ হত্যার বিচার না হওয়া বিচারহীনতারই প্রতিফলন।
তিনি দাবি জানিয়ে বলেন, অবিলম্বে শহীদ রমেল চাকমা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, জড়িতদের সেনা সদস্য গ্রেফতার করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে চলমান দমন-পীড়ন বন্ধ করে জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
