খাগড়াছড়ি জেলা পরিষদের সকল নিয়োগ স্থগিত রাখতে মন্ত্রণালয়ের চিঠি

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৫
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে জেলা পরিষদকে চিঠি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয় যে, ‘মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং ১০০৩৯/২০২৫ নিস্পত্তি না হওয়া পর্যন্ত পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ির অধীনস্থ সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে প্রাপ্ত আবেদনপত্রের মর্মানুযায়ী সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
জানা যায়, গত ৯ ডিসেম্বর ২০২৫ মো. আসাদ উল্লাহ নামে খাগড়াছড়ির এক ব্যক্তি হাইকোর্টে তাঁর দায়ের করা রিট পিটিশন নং ১০০৩৯/২০২৫ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্বত্য জেলা পরিষদের অধীনে সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি আবেদন জানান।
এরই প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে আজ উক্ত নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে উক্ত চিঠি দেওয়া হয়েছে।
এদিকে, মো. আসাদ উল্লাহ’র মন্ত্রণালয়ের সচিব বরাবরে আবেদনের প্রেক্ষিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশের ফলে ভবিষ্যতে পার্বত্য চুক্তি কার্যকর থাকবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
