থানচিতে সাড়ে ৫ বছর বয়সী এক পাহাড়ি শিশু ধর্ষণ : অভিযুক্তকে আটক, স্থানীয় জনতার ব্যাপক প্রতিবাদ

0
ধর্ষণে অভিযুক্ত বিজয় বড়ুয়া। সংগৃহিত ছবি


থানচি(বান্দরবান), সিএইচটি নিউজ

রবিবার, ২৪ মে ২০২৬

বান্দরবানের থানচিতে ৫ বছর ৫ মাস বয়সী এক পাহাড়ি (ত্রিপুরা সম্প্রদায়) শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে থানচি থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে পাড়াবাসী। ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে সুষ্ঠু বিচার ও ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে থানচি থানা ঘেরাও করে স্থানীয় জনতা ব্যাপক প্রতিবাদ জানায়।

ভুক্তভোগী শিশুটির পিতা থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। 

আজ (২৪ মে ২০২৬) সকালে মং সিং উ (Maung Sing U) নামে এক ব্যক্তি তাঁর ফেসবুকে অভিযুক্তের ছবিসহ পোস্ট দিয়ে ধর্ষণের ঘটনাটি জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রয়ার সৃষ্টি হয়। 

ঘটনার বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া পার্শ্ববর্তী ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রাতে ঘুমাতে গেলে শিশুটি তার যৌনাঙ্গে ব্যাথার কথা ও ঘটনাটি খুলে বলেন পরিবারের কাছে। এরপর শিশুটির মা-বাবা বিজয় বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে বিজয় কোনো প্রকার সদুত্তর দিতে পারেনি।

ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে আজ রবিবার (২৪ মে) সকালে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে পাড়াবাসী আটক করে থানায় সোর্পদ করে। 

অভিযুক্ত বিজয় বড়ুয়া থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা। 

পরে অভিযুক্তকে থানায় সোপর্দ করার খবরটি ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে স্থানীয় উত্তেজিত জনতা থানা এলাকায় গিয়ে ঘটনার সুষ্ঠু বিচার ও ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন। এক পর্যায়ে সেখানে বিজিবি’র একটি দল উপস্থিত হয়ে জনতাকে অস্ত্র তাক করে ভয় দেখিয়ে ১ মিনিটের মধ্যে থানা এলাকা ত্যাগ করতে বলে। কিন্তু জনতা চলে না গেলে প্রথমে তারা ধাওয়া করার চেষ্টা করে। এতে আরো বেশি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে এলাকার সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ হয়ে থানায় উপস্থিত প্রতিবাদে সরব হয়। এতে বিজিবি’র সাথে জনতার মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। জনতা বিজিবির আচরণের তীব্র প্রতিবাদ ও ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি জানাতে থাকেন। এ সময় তারা বিজিবি ধর্ষকের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করেন। এ অবস্থায় দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর বিজিবি, পুলিশ ও প্রশাসনের আশ্বাসে উত্তেজিত জনতা পরে ঘটনাস্থল থেকে সরে যান।

এ সময় বিজিবি’র দায়িত্বরত কমান্ডার বলেন, “এ ঘটনার উপযুক্ত বিচার যদি পাওয়া না যায়, যথা নিয়মে যদি মামলা রুজু না হয় তাহলে আমি আপনাদের সাথে থাকবো। আমি আপনাদের সাথে আন্দোলনে যুক্ত হবো”।


তার এ কথায় কেউ কেউ সমর্থন জানালেও উপস্থিত বেশিরভাগ জনতা সমর্থন করেননি। তারা ঘটনার সুষ্ঠু বিচারের জোর দাবি জানান। তারা বলেন, আগে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করেন। তারা বিজিবি কমান্ডারকে প্রশ্ন করেন, “আপনারা থাকতে এখানে ধর্ষণ হয় কীভাবে?”

এ বিষয়ে থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে থানায় আটক করা হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি মোকাবিলায় বিজিবি মোতায়েন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পাশ্ববর্তী বড়ুয়া কিশোরকে আটক করা হয়েছে। থানায় একটি মামলাও হয়েছে। স্থানীয় উত্তেজিত জনতা থানা এলাকায় হট্টগোল করলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More