নান্যাচরে নানা কর্মসূচিতে ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির নান্যচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টার সময় ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন ইউপিডিএফ-এর নান্যাচর ইউনিটের সমন্বয়ক সুকীর্তি চাকমা।
পতাকা উত্তোলনের পর এলাকার পার্টির নেতা-কর্মী, সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মবলিদানকারী সকল শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে অস্থয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন ইউপিডিএফ এর পক্ষে সুকীর্তি চাকমা ও সরল চাকমা; গণসংগঠনগুলোর পক্ষে প্রিয়তন চাকমা, এবং শহীদ পরিবারের পক্ষে সাধনা চাকমা ও কালাবী চাকমা।
পুষ্পস্তবক অর্পণ শেষে লড়াই সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
“দাসসুলভ বশ্যতা স্বীকারে যারা নারাজ, তারা এসো ইউপিডিএফ’র পতাকাতলে ঐক্যবদ্ধ হই, দমন-পীড়ন রুখে দিতে ইউপিডিএফে যোগ দিন” এই শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাাতিত্ব করেন ইউপিডিএফ-এর নান্যাচর উপজেলা ইউনিটের সমন্বয়ক সুকীর্তি চাকমা ও সঞ্চালনা করেন ইউপিডিএফ সংগঠক জয়েন চাকমা। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক ভূমিবল চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয়তন চাকমা, ইউপি সদস্য জ্ঞান চাকমা ও রঞ্জন বিকাশ চাকমা প্রমুখ।
ইউপিডিএফ নেতা সুকীর্তি চাকমা বলেন, নানা ষড়যন্ত্র ও দমন-পীড়ন মোকাবেলা করে পার্টি আজ ২৭ বছর পূর্ণ করেছে। জনগণের সমর্থন ছাড়া পার্টির এ পর্যন্ত আসা মোটেই সম্ভব হতো না। দীর্ঘ ২৭ বছরে পার্টির প্রায় চারশ’ নেতা-কর্মী ও সমর্থক শুভাকাঙ্ক্ষীকে আত্মাহুতি দিতে হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। আর রাষ্ট্রীয় ষড়যন্ত্রে পার্টির অন্যতম নেতা আনন্দ প্রকাশ চাকমাসহ অনেকে জেলে অন্তরীণ অবস্থায় আছেন।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পার্টিকে ধ্বংস করে দেয়ার জন্য নানা ষড়যন্ত্র চালানো হয়েছে, যা আজো চলমান রয়েছে। কিন্তু জনগণের সমর্থন নিয়ে পার্টি সকল ষড়যন্ত্র ও দমন-পীড়ন মোকাবেলা করে তার অগ্রযাত্রায় অবিচল রয়েছে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তা মোকাবেলা করে পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।
সুকীর্তি চাকমা আরো বলেন, পার্টির ২৭তম প্রতিষ্টাবার্ষিকী এমনি এক সময়ে পালন করতে হচ্ছে যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা হওয়ার পরও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ বিরাজ করার কথা তা বাস্তবে অনুপস্থিত। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক। আজকেও সেনাদের তৎপরতার মধ্যে আমাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী স্বল্প পরিচরে পালন করতে হচ্ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় সেনা অভিযান জারি রেখে দমন-পীড়ন চালাচ্ছে। তিনি অবিলম্বে সেনা অভিযানের নামে জনগণের ওপর দমন-পীড়ন, হয়রানি বন্ধের দাবি জানান।
এছাড়াও সভায় উপস্থিত স্থানীয় বিশিষ্ট মুরুব্বী ও জনপ্রতিনিধিরা প্রকৃত অধিকার ও জাতীয় মুক্তির জন্য আন্দোলনের কোন বিকল্প নেই উল্লেখ করেন এবং শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র ও দমনপীড়ন মোকাবেলা করতে আন্দোলনকারী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরী বলে মত দেন।
সভায় সুকীর্তি চাকমা ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্টির কেন্দ্রীয় কমিটির প্রদত্ত বার্তা পড়ে শোনান এবং জয়েন চাকমা লড়াই সংগ্রামে অবিচার থাকার লক্ষ্যে প্রতিজ্ঞা সম্বলিত শপথ বাক্য পাঠ করান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
