পানছড়িতে ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
“শত শহীদের রক্তে গড়া ২৬ ডিসেম্বর অমর হোক” এই শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে আলোচনা সভা, দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টার সময় শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ কাথাং ত্রিপুরার সহধর্মিণী অলকা ত্রিপুরা, শহীদ অস্টিন ত্রিপুরার সহধর্মিণী ভারতি ত্রিপুরাসহ পরিবারের সদস্যবৃন্দ। এরপর ইউপিডিএফ, গণসংগঠন ও এলাকাবাসরি পক্ষ থেকে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে ‘আমরা করবো জয়’ গানটি বাজিয়ে ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় বরুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক স্বাধীন চাকমা ও জিনেট ত্রিপুরা এবং পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা সভাপতি সুনীল ময় চাকমা।

সভায় ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীবাহিনী ও জনগণের উদ্দেশ্যে প্রদত্ত ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির বার্তা পড়ে শোনান জিনেট ত্রিপুরা। পরে তিনি উপস্থিতি লোকজনকে আন্দোলনে অবিচল থাকার শপথ বাক্য পাঠ করান এবং তার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
