মাটিরাঙ্গায় দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

0

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৬ মে ২০২৬

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধামাই পাড়ায় দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

‎আজ বুধবার (৬ মে ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগীরা হলেন— প্রপুল ত্রিপুরা (৩৬), পিতা- সবরাম ত্রিপুরা ও জিনুক মালা ত্রিপুরা (২৫), পিতা- মৃত সূর্য কুমার ত্রিপুরা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে গুইমারা পশুরাম ঘাট সেনা ক্যাম্প থেকে আসা ২০–২৫ জন সেনাসদস্য ধামাই পাড়ায় প্রবেশ করে। তারা পাড়ার উক্ত দুই বাসিন্দার বাড়িতে তল্লাশি চালায়।

‎অভিযোগ রয়েছে, প্রপুল ত্রিপুরার বাড়িতে কেউ না থাকা সত্ত্বেও সেনাসদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তল্লাশি চালায়। অন্যদিকে জিনুক মালা ত্রিপুরা জানান, তল্লাশিকালে তিনিও বাড়িতে ছিলেন না। সেনারা তার বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দাদের কাছ থেকে বাড়ির লোকজন কোথায় জিজ্ঞাসা করে এবং পরে বাড়ি ঘেরাও করে তার বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশিকালে সেনারা শিক্ষার্থীদের বইপত্রসহ বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয় বলে অভিযোগ উঠেছে। 

তবে তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে সেনারা অবৈধ কোন কিছু পায়নি বলে জানা গেছে।

সেনাসদস্যরা এখনো ওই এলাকায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

‎এ তল্লাশির ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More