মিটন চকামার ২য় শহীদ বার্ষিকীতে চবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

0


চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

“গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে মিটন চাকমা’র পথ অনুসরণ করো, শাসকগোষ্ঠীর গোলাম ও মতলববাজদের বিরুদ্ধে ছাত্র সমাজ গর্জে উঠো” এই আহ্বানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরে মিটন চাকমার ২য় শহীদ বার্ষিকীতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৬) বিকেল ৫.৩০ টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে পিসিপি, চবি শাখার সাংগঠনিক সম্পাদক ক্যাচিংহ্লা মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল চাকমা। স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুদর্শন চাকমা।

ছাত্রনেতা সোহেল চাকমা বলেন, মিটন চাকমা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার পথে না হেঁটে জুম্ম জনগণের জন্য সবচেয়ে কঠিন পথটি বেছে নিয়েছিলেন। মিটন চাকমা তাঁর আদর্শ কখনো বিকিয়ে দেননি। এই পুঁজিবাদী ব্যবস্থায় আত্মমুখী হয়ে তিনি চাকরি করতে পারতেন, কিন্তু সার্টিফিকেটের মোহ ত্যাগ করে জুম্ম জনগণের জাতীয় মুক্তির সংগ্রামে জনগণের পার্টি ইউপিডিএফে যোগ দেন।

তিনি বলেন, বর্তমান ছাত্র সমাজ ক্যারিয়ারমুখী হয়ে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আবদ্ধ হয়ে পড়ছে, ফলে শাসকগোষ্ঠীর দাসত্ববরণ করে জাতীয় মুক্তির আন্দোলনে ভূমিকা রাখতে পারছে না। এই সীমাবদ্ধতা ও বদ্ধ চিন্তা থেকে ছাত্রসমাজকে বেরিয়ে আসতে হবে।

সোহেল চাকমা আরো বলেন, খাগড়াছড়ি পানছড়িতে সাংগঠনিক দায়িত্ব পালনকালে সন্তু লারমার জেএসএসের সশস্ত্র গোষ্ঠী মিটন চাকমাকে হত্যা করে। মিটন চাকমা ছিলেন বর্তমান তরুণ ও ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী এক সম্ভাবনাময়ী নেতৃত্ব। অন্যদিকে, জেএসএস এখন আর জুম্ম জনগণের সহযোগী শক্তি নয়, বর্তমানে তারা শাসকগোষ্ঠীর সহযোগী হিসেবে কাজ করছে। তিনি ছাত্র সমাজকে মিটন চাকমা’র পথ অনুসরণ করে জুম্ম জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সুদর্শন চাকমা বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও মোহ ত্যাগ করে জনগণের জন্য কাজ করা সহজ নয়। পুঁজিবাদী সমাজে সবাই স্রোতের বিপরীতে না গিয়ে গা ভাসিয়ে দেয়, কিন্তু মিটন চাকমা তা করেননি। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে যেখানে সবাই চাকরির পেছনে ছুটে বেড়ায়, সেখানে মিটন চাকমা জুম্ম জনগণের মুক্তির জন্য সবচেয়ে কঠিন পথটি বেছে নিয়েছিলেন।

​“বিশ্ববিদ্যালয় জীবনের দায়িত্ব পালনকালে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। পাহাড়ে সেনাশাসনের বিরুদ্ধে এবং ভূমি রক্ষা আন্দোলনে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। মিটন চাকমা জুম্ম জনগণের অধিকারের জন্য লড়াই করেছিলেন। তাহলে জেএসএস (সন্তু গ্রুপ) কেন তাঁকে হত্যা করল? আজ জেএসএস শাসকগোষ্ঠীর সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শাসকগোষ্ঠী চায় না জুম্ম জনগণ তাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যাক; তাই শাসকগোষ্ঠী তাদের সহায়ক শক্তি জেএসএসকে দিয়ে জুম্ম দিয়েই জুম্ম হত্যার নীতি বাস্তবায়ন করছে।”

তিনি বলেন, মিটন চাকমাকে হত্যা করা গেলেও তাঁর আদর্শকে হত্যা করা যাবে না। মিটন চাকমা আজীবন নিপীড়িত ও সংগ্রামী মানুষের হৃদয়ে পূজিত হয়ে থাকবেন।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More