রাঙামাটির মানিকছড়িতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় চারজন নিহত

0


রাঙামাটি, সিএইচটি নিউজ

রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) ভোর সোয়া ৫টার দিকে রাঙামাটি হতে কুতুকছড়ি বাজারে যাওয়ার সময় সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বাসিন্দা মেঘরানী চাকমা (৪৫) ও শোভা চাকমা (৫২), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার সান্ত্বনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

আহত ব্যক্তিরা হলেন রাঙামাটি শহরের পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমা (৪৫) ও পিকআপ ভ্যানের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০)।

পুলিশ জানায়, ভোর সোয়া ৫টার দিকে কল্যাণপুর হতে চালকসহ ৬ যাত্রী মালামাল নিয়ে কুদুকছড়ি বাজারে যাচ্ছিলেন। সাপছড়ি মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে শোভা চাকমা নামের আরও একজন মারা যান।

আহত সুমন চাকমা বলেন, ভোর ৫টার দিকে কুতুকছড়ির হাটবাজারের উদ্দেশ্য মালামাল নিয়ে কল্যাণপুর হতে রওনা দেই। শহরের সাপছড়ি মানিকছড়ি পুলিশ চেকপোস্টর কাছাকাছি পৌঁছলে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়।

নিহত শোভা চাকমার স্বজন লিটন চাকমা বলেন, প্রতি রবিবার কুতুকছড়িতে হাট বসে। কুতুকছড়ি বাজারের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন শোভা চাকমা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান।

রাঙামাটি কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More