লামায় বাগান পাড়া ও পাড়ার কবরস্থান দখল করে রিসোর্ট নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান, সিএইচটি নিউজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগান পাড়া ও পাড়ার কবরস্থান দখল করে অবৈধভাবে ‘জঙ্গল বিলাস রিসোর্ট’ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে মিরিঞ্জা বাগানপাড়া গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জন ত্রিপুরা, তনয়া ত্রিপুরা, মিরিঞ্জা বাগানপাড়ার বাসিন্দা রাইচিং ত্রিপুরা প্রমুখ। এ সময় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যুগ যুগ ধরে লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ায় ত্রিপুরা জনগোষ্ঠির লোকজন বসবাস করে আসছেন। কিন্তু গত কয়েক বছর ধরে ‘জঙ্গল বিলাস রিসোর্ট’-এর মালিকপক্ষ প্রভাব খাটিয়ে স্থানীয়দের কৃষি জমি, পাহাড়ি বন ও বাগানবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে। এমনকি গ্রামবাসীর দীর্ঘদিনের ব্যবহৃত কবরস্থানের পবিত্রতা ক্ষুণ্ণ করে সেই জায়গাও দখলের পাঁয়তারা করা হচ্ছে।
তারা আরও বলেন, দখলকারীরা ভুয়া দলিল ও কাগজপত্র তৈরি করে স্থানীয় সরল পাহাড়ি জনগণের কাছ থেকে জমি ছিনিয়ে নিচ্ছে। পাশাপাশি বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাহাড় কাটা, গাছপালা ধ্বংস এবং বনভূমি সমতল করে রিসোর্টের অবকাঠামো নির্মাণের চেষ্টা করছে।
বক্তারা অভিযোগ করেন, যারা এ অন্যায়ের প্রতিবাদ করছেন, রিসোর্ট কর্তৃপক্ষ তাদের ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত পরিবেশ রক্ষা, স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, কবরস্থানের পবিত্রতা রক্ষা, ওই এলাকায় রিসোর্ট নির্মাণ কার্যক্রম বন্ধ, পাড়াবাসীর বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহার, ভূমির সঠিক জরিপ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
