সাজেকে বিজিবির গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা শিক্ষিকার মৃত্যু

0

সাজেক (রাঙামাটি), সিএইচটি নিউজ
শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাঙামাটির সাজেক সড়কের মাচলঙ ১৪ কিলো এলাকায় বিজিবির একটি গাড়ির ধাক্কায় এক অন্তঃসত্ত্বা এক পাহাড়ি শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত নারীর নাম সুমন্তি চাকমা (৩৫)। তিনি সাজেকের ডাব আদামের বাসিন্দা ম্বপন চাকমার স্ত্রী ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুমন্তি চাকমা বিদ্যালয় হতে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে তিনি সন্তান প্রসবের জন্য  স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশাযোগে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন। যাবার পথে মাচলঙ ১৪ কিলো এলাকায় পৌঁছালে বিজিবির একটি গাড়ি অটোরিকশাটিতে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত খাগড়াছড়ির হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এছাড়া এতে অটোরিকশা চালকসহ আরও তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন, হফেন ত্রিপুরা (অটোরিকশা চালক), পিতা: ধনশা ত্রিপুরা, করুণামুখী চাকমা, স্বামী: অমর কান্তি চাকমা, গ্রাম: ডাব আদাম ও রিটন চাকমা।

তারা বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More