কাউখালীর কলমপতি ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর অপতৎপরতায় জনমনে উদ্বেগ

0


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

রাঙাামটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝের পাড়া ও কোলাপাড়া এলাকায় ৪-৫ দিন ধরে সেনাবাহিনীর অপতৎপরতায় স্থানীয় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্কের সৃষ্টি করেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, গত ২৭ জানুয়ারি সেনাবাহিনীর পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে পরিকল্পিত ও মিথ্যাভাবে কোলাপাড়া নাইল্যাছড়ি এলাকায় ইউপিডিএফের আস্তানার সন্ধান ও ধ্বংসের খবর প্রকাশ করা হয়। কিন্তু বাস্তবে ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা যে ঘরগুলোর ছবি প্রকাশ করেছে সেগুলো ছিল স্থানীয় মারমাদের জুমঘর বা টংঘর। সে ঘরগুলো কোন দলের আস্তানা ছিল না।

আর সেনারা ঘটনাস্থল হিসেবে কোলাপাড়া ও নাইল্যাছড়ি এলাকায় উল্লেখ করলেও সেই জুমঘরগুলোর অবস্থান ছিল কলমপতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়ডলু পাড়া ও নৌকা পাড়া এলাকায়। কাজেই, সেনাবাহিনীর প্রচারণা ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, যা ইতোমধ্যে জুমচাষীরাও সেনাবাহিনীর দাবিকে নাখোশ করে দিয়েছেন।

পরিকল্পিতভাবে উক্ত মিথ্যা ও বানোয়াট খবরটি প্রচারের পর সেদিন (২৭ জানুয়ারি) বিকাল বেলা থেকে সেনারা নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে ও তার আধা কিলোমিটারের দূরত্বে একটা সেগুন বাগানে দুই ভাগে ভাগ হয়ে অবস্থান করছে। দুই গ্রুপে প্রায় একশ’ জনের কাছাকাছি সেনা সদস্য রয়েছে।

গত ২৮ জানুয়ারি ভোরে একদল সেনা সদস্য মাঝের পাড়া গ্রামের আশে-পাশে পাহাড়ে ও মাঝের পাড়া মার্কেট এলাকায় টইল দিয়েছে। আর রাত ৮ টার দিকে মাঝের পাড়া হয়ে হাজাছড়ি পাহাড়ের দিকে গিয়ে সেখানে রাতে অবস্থান করে।

২৯ জানুয়ারি সকাল ৯-১০ টার দিকে অন্য একটি সেনাদল নাইল্যাছড়ি স্কুল থেকে মাঝের পাড়া হয়ে কোলা পাড়া-দেবা পাড়া সীমান্ত পাহাড়ে যায়।

টহলের সময় সেনারা রাস্তায় সাধারণ জনগণকে বন্দুক তাক করে ভয় দেখিয়ে “ইউপিডিএফ আছে কিনা, ইউপিডিএফ কোথায় প্রোগ্রাম করে, ইউপিডিএফ কর্মীরা কোথায় থাকে?… এমন বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছে বলে জানা যায়।

অন্যদিকে, একই দিন নাইল্যাছড়ি রাস্তার মুখে দশটি সেনা পিকআপ চলে আসে। এসময় সেনা সদস্যরা ব্যবসায়ীদের লাকড়ি বোঝাই ৩টি জীপ আটক করে। পরে সেখান থেকে মাঝের পাড়া মার্কেটের দিকে চলে যায়। সেখানে ইউপিডিএফ-এর সাঁটানো বিভিন্ন সময়ের পোস্টার ছিঁড়ে দেয়।

পরিবর্তীতে কোলাপাড়া এলাকায় টহল দেয়া সেনা দলটি মাঝের পাড়া মার্কেট এলাকায় যায়। সেখানে সেনারা দুই গ্রুপে মিলিত হয়ে নাইল্যাছড়ি উত্তর মাথা মাঝের পাড়া এলাকায় বিভিন্ন পাহাড়ের টিলায় ঘোরাঘুরি করে।

এদিকে, ৩০ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২:৩০টা হতে ৩.০০টা পর্যন্ত সেনারা মাঝের পাড়া ও পার্শ্ববর্তী পাহাড়ে টহল দিয়েছে এবং আজ (৩১ জানুয়ারি) সকাল বেলায় তারা কোলাপাড়া এলাকায় পাহাড়ের টিলায় টহল দিয়েছে।

টানা ৪-৫ দিন ধরে সেনাবাহিনীর এমন অপতৎপরতায় মাঝেরপাড়া ও কোলাপাড়া এলাকার স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্কের সৃষ্টি করেছে বলে জানা গেছে। একই সাথে জনগণের মধ্যে সেনাবাহিনী সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টিসহ ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

সেনাবাহিনী পরিকল্পিতভাবে মিথ্যা নাটক সাজিয়ে জনগণকে হয়রানি ও দমন-পীড়নের লক্ষ্যবস্তু করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তারা অবিলম্বে সেনাবাহিনীর অপতৎপরতা বন্ধ করে এলাকায় স্বাভাবিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More