চট্টগ্রামে চিকিৎসায় থাকা ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমাকে তুলে নিয়েছে র‌্যাব

0
প্রদীপ চাকমা


চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে চিকিৎসায় থাকা ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমাকে (৫৫) রাতের আঁধারে তুলে নিয়ে গেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দিবাগত মধ্যরাত ১২টার সময় আগ্রাবাদ এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে র‌্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। সেখানে অবস্থান করে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এ সময় তার স্ত্রী ও মেয়ে তার সাথে ছিলেন।

প্রদীপ চাকমার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীতে। তার পিতার নাম মৃত. চন্দ্র বিকাশ চাকমা (জেএসএস সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হয়েছিলেন)। 

জানা গেছে, গতকাল (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার সময় র‌্যাবের ২০-২৫ জনের একটি দল প্রদীপ চাকমার অবস্থান করা বাসায় যায়। এ সময় তারা বাসার মালিকের কাছে প্রদীপ চাকমা’র অবস্থানের কথা জানতে চায় ও তাকে বের করে দিতে বলে। পরে প্রদীপ চাকমা রুম থেকে বের হলে র‌্যাবের সদস্যরা ‘তাকে নিতে এসেছেন’ বলে জানায়। এরপর তাকে বাসার নীচে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় র‌্যাবের সদস্যরা তার স্ত্রীকেও তাদের সাথে যাওয়ার কথা বলে। পরে তাকে রেখে যায়।

চলে যাবার সময় তারা আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার সময় বায়েজীদ থানায় খবর নিতে তার স্ত্রীকে বলে যায়।

তবে, তাকে বায়েজীদ থানায় দেওয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, প্রদীপ চাকমা দীর্ঘদিন ধরে শারীরকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলমান রয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More