দীঘিনালার নাড়াইছড়িতে বেশি চাঁদা দাবির প্রতিবাদ করায় সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ!

0
ভুক্তভোগী শান্তি প্রিয় চাকমা


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়িতে বেশি চাঁদা দাবির প্রতিবাদ করায় জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা এক ব্যক্তিকে (জুমচাষী) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি গত ৪ মার্চ ২০২৬ তারিখে ঘটেছে বলে বিলম্বে পাওয়া খবরে জানা গেছে। 

ভুক্তভোগীর নাম- শান্তি প্রিয় চাকমা, পিতা: জগবন্ধু চাকমা, গ্রাম- সোদ্দেংছড়া (নাড়াইছড়ি), ৯ নং ওয়ার্ড, ৫নং বাবুছড়া ইউপি, দীঘিনালা।

বিলম্বে পাওয়া খবরে জানা যায়, ঘটনার দিন (৪ মার্চ) শান্তি প্রিয় চাকমা জুমে চাষ করা ৮ বস্তা শুকনো হলুদ বিক্রি করতে ইঞ্জিচালিত বোটে করে বাবুছড়া নোয়াবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাবার পথে সন্তু গ্রুপের কালেক্টর দীপক চাকমা প্রতি বস্তা হলুদ থেকে ৩০০ টাকা চাঁদা দাবি করে। এতে প্রতিবাদ জানিয়ে শান্তিপ্রিয় চাকমা বলেন, প্রতি বস্তায় যদি ৩০০ টাকা দিতে হয় তাহলে আমরা কি খাবো? এ কথা বলার কারণে সন্তু গ্রুপের কমাণ্ডার রমেশ চাকমার নির্দেশে কালেক্টর দীপক চাকমা ও তার সহযোগী মংসানু মারমা ওরফে মেনশন তাকে মারধর করেন।

স্থানীয়দের অভিযোগ, নাড়াইছড়িতে অবস্থানরত সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সেখানকার জুমচাষীদের উৎপাদিত হলুদসহ বিভিন্ন পণ্য থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। বাজারে বিক্রি করতে নিতে গেলে ১ বস্তা শুকনো হলুদ থেকে ৩০০ টাকা চাঁদা দিতে হয়। তাদের এমন চাঁদাবাজির বিরুদ্ধে সেখানকার স্থানীয় নাড়াইছড়ি, উল্টোছড়ি, বর্বোপাড়া, আঝাছাড়া,পাগুজ্যাছড়ি,সোদ্দেংছড়া, দজরপাড়া এলাকার জুম চাষিরা অতিষ্ট হয়ে পড়েছেন।

স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি ও মুরুব্বীরা জুমচাষীদের ওপর সন্তু গ্রুপের এমন জুলুমের ব্যাপক সমালোচনা করছেন বলে জানা গেছে।

এদিকে, আজ বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত বাবুছড়ার ধনপাদা বোট ঘাটে জেএসএস সন্তু গ্রুপের ৯ জন সশস্ত্র সদস্য অবস্থান করে বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More