পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তিকে আটক, হয়রানির পর মুক্তি

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এক ব্যক্তিকে ইউপিডিএফ সদস্য সন্দেহে আটক করে। অবশ্য পরে ইউপিডিএফের সাথে তার কোন সম্পৃক্ততা না থাকায় হয়রানি শেষে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম ভূথ ত্রিপুরা (২৮), পিতা- দিন মোহন ত্রিপুরা, গ্রাম- হেলাধুলা পাড়া, লতিবান ইউনিয়ন, পানছড়ি।

কয়েকদিন আগে তিনি তার শ্বশুর বাড়ি মরাটিলার পদ্মিনী পাড়ায় বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (১৯ মার্চ) বেলা ২:৩০টার সময় পানছড়ি সাবজোন থেকে ৩টি গাড়িযোগে ২০-২৫ জন সেনা সদস্য মরাটিলা দোকান এলাকায় হানা দেয়। এ সময় ভূথ ত্রিপুরা স্থানীয় দোকানে বসে চা পান করছিলেন। সেনারা তখন তাকে দেখে ইউপিডিএফ সদস্য সন্দেহ করে আটক করে সাবজোনে নিয়ে যায়। এরপর সেনারা তার পরিচয় সম্পর্কে স্থানীয় ঠ্যাঙাড়ে (মুখোশ) সন্ত্রাসী বিকাশ ত্রিপুরার কাছ থেকে জেনে নেয়। এতে তিনি ইউপিডিএফ বা কোন সংগঠনের সাথে জড়িত নয় তা নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

সেনারা ভূথ ত্রিপুরার কাছ থেকে “ইউপিডিএফ সদস্যরা কোথায় থাকে? মরাটিলায় দায়িত্বে থাকা ইউপিডিএফ সদস্যদের নাম কি?, শান্ত ত্রিপুরা কোথায় থাকে?”- এ ধরনের নানা জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে।

পানছড়িতে প্রতিনিয়ত সেনাবাহিনীর হয়রানি, নিপীড়নের ঘটনায় এলাকার জনমনে অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে সাধারণ জনগণের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More