বন্ধুত্বপূর্ণ গুলি বিনিময়ের পর জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বিজিবি ক্যাম্পের পাশে অবস্থান

0
ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহৃত

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৮ মার্চ ২০২৬

পারষ্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সাথে ‘বন্ধুত্বপূর্ণ গুলি বিনিময়ের’ দু’দিন পরও জেএসএসের সন্তু গ্রুপের সদস্যরা মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে বান্দরসিংপাড়া ও তানাক্কাপাড়া বিজিবি ক্যাম্প দুটির মাঝখানে অবস্থান করছে।

গত ১৬ মার্চ ২০২৬ সকাল সাড়ে দশটার দিকে বান্দরসিং পাড়া বিজিবি ক্যাম্পে অবস্থানরত সেনা সদস্যদের সাথে ‘পানি পয়েন্ট’ নামক স্থানে জেএসএস সন্তু গ্রুপের ‘গুলি বিনিময়’ হয়।

এলাকাবাসীর ভাষ্য মতে, সেদিন বিজিবি ও সন্তু গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে ‘গোলাগুলি’ করে। উভয় পক্ষ ৩০-৪০ রাউন্ড গুলি একে অপরের দিকে নয়, আকাশের দিকে ছুঁড়ে।

এই ‘গুলি বিনিময়ের’ ঘটনার পর এক দল সেনাসদস্য সেখানে যায়। তারা আজও সেখানে অবস্থান করছে।

সন্তু গ্রুপের সদস্যরাও একইভাবে বান্দরসিং পাড়া বিজিবি ক্যাম্প ও তানাক্কা পাড়া বিজিবি ক্যাম্প দু’টির মাঝখানে তাদের কাছাকাছি এবং সেনা সদস্যদের থেকে আনুমানিক ৩০০ গজ দূরে অবস্থান করছে। সেখানে একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্টের উত্তর দিকে জেএসএস সন্তু গ্রুপ এবং দক্ষিণ দিকে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে।

উল্লেখ্য, সন্তু গ্রুপের ২০-২২ জন সশস্ত্র সদস্য গত কয়েক মাস ধরে বান্দরসিং পাড়া বিজিবি ক্যাম্প ও তানাক্কাপাড়া বিজিবি ক্যাম্পের মাঝখানে তাদের কাছাকাছি অবস্থান করছে।

বিজিবি ক্যাম্পের পাশে সন্তু গ্রুপের অবস্থান এবং সেনাবাহিনী কর্তৃক তাদের হাতে গোলাবারুদ তুলে দেয়ার খবর প্রচারিত হওয়ার পর বিজিবি ও সন্তু গ্রুপ দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে ‘গুলি বিনিময়’ করেছে বলে ধারণা করা হচ্ছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More