মহালছড়ির মাইসছড়িতে এক পাহাড়িকে ঘর নির্মাণে সেটলারদের বাধা, উত্তেজনা

0

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৮ মার্চ ২০২৬

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ায় এক পাহাড়ি নিজ ভোগদখলীয় জায়গায় ঘর নির্মাণ করতে গেলে সেটলার বাঙালিরা তাতে বাধা দেয়ায় পাহাড়ি ও সেটলারদের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১৮ মার্চ ২০২৬) জায়গার মালিক স্নেহ কুমার চাকমা (সাবেক মেম্বার)-এর পুত্র হৃদয় চাকমা তাদের ভোগদখলীয় জায়গায় ঘর নির্মাণ করতে গেলে সেটলাররা তাতে বাধা প্রদান করে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পাহাড়ি ও সেটলারদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হলেও তারা সেটলারদের পক্ষ নিয়ে পাহাড়িদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় গত বছর ১২ ডিসেম্বর সকালে জয়সেন পাড়ার মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ২/৩ শ’ সেটলার গিয়ে মাইসছড়ি ইউনিয়নের প্রাক্তন মেম্বার স্নেহ কুমার চাকমার নিজ ভোগদখলীয় জায়গায় তৈরি করা ঘর ভেঙে দেয় এবং উক্ত স্থানে তারা (সেটলাররা) একটি নতুন ঘর তৈরি করে। পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ৩ দিনের মধ্যে বিষয়টি সমাধান করে দেয়ার আশ্বাস প্রদান করে।

কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোন সমাধান না পেয়ে স্নেহ কুমার চাকমার ছেলে হৃদয় চাকমা আজ (১৮ মার্চ) সেখানে নতুন করে ঘর তৈরি করতে গেলে সেটলারদের বাধার মুখে পড়েন।

স্নেহ কুমার চাকমার ভোগদখলীয় জায়গার পরিমাণ ৪ একর। সেখানে তার বাগান-বাগিচা রয়েছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পাহাড়ি ও সেটলারদের মধ্যে উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের খবর পাওয়া গেলেও বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা গেছে।

নোট: পরবর্তীতে কোন আপডেট পাওয়া গেলে তা তুলে ধরা হবে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More