মাইসছড়ির জয়সেন পাড়া ভূমি বিরোধের ঘটনা তিন দিনের মধ্যে সমাধানের আশ্বাস সেনা কর্মকর্তা ও ইউএনও’র

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ায় গত ১২ ডিসেম্বর সেটলার বাঙালি কর্তৃক এক পাহাগির ঘর ভাঙচুর ও ভূমি বেদখলের চেষ্টার ঘটনা ঘটে।
উক্ত ঘটনার প্রতিবাদে আজ সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় এলাকাবাসী মানববন্ধন করার জন্য মাইসছড়ি বাজারে একত্রিত হয়। এই মানববন্ধনের সংবাদ পেয়ে মহালছড়ি সেনা জোন থেকে টু-আইসি মেজর নাজমুল ও মহালছড়ি ইউএনও মো.আবু রায়হান মানববন্ধনের স্থানে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা এলাকাবাসীর পক্ষ থেকে হৃদয় চাকমা ও আরো কয়েকজন মুরুব্বিকে পাশের এপিবিএন পোষ্টে ডেকে নিয়ে কথা বলেন। আলোচনার এক পর্যায়ে টু-আইসি মেজর নাজমুল ও ইউএনও মো. আবু রায়হান এলাকাবাসীর কাছ থেকে তিন দিন সময় চেয়ে নেন। এই সময়ের মধ্যে তারা বিষয়টি শান্তিপূর্ণ সমাধান করে দেয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।
তবে কতটুকু পক্ষপাতহীনভাবে তারা এ নিয়ে উদ্যোগ নেবেন তা দেখার বিষয় বলে মন্তব্য করেছেন এলাকার এক মুরুব্বি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ার জাহিদুল ইসলামের নেতৃত্বে ২/৩ শত সেটলার বাঙালি মিলে স্নেহ কুমার চাকমার (প্রাক্তন ইউপি সদস্য) ঘর-বাড়ি ভাঙচুর এবং তার ভোগদখলীয় জায়গাটি বেদখলের চেষ্টা করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
