মাটিরাঙ্গায় ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0


মাটিরাঙ্গা প্রতিনিধি,সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

“জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে সর্বস্তরের ছাত্র-যুব-জনতা এগিয়ে আসুন’—এই শ্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

‎আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় ‘আমরা করবো জয়’ গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় ইউপিডিএফের মাটিরাঙ্গা গোমতি ইউনিটের সমন্বয়ক সুইমং মারমা দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা দাঁড়িয়ে পতাকায় স্যালুট প্রদান করেন।

‎এরপর শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ইউপিডিএফের পক্ষে শ্রদ্ধা জানান সুইমং মারমা, মনু মারমা ও সাবাই মারমা। গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সুইচিং মারমা, নব বিকাশ ত্রিপুরা ও কিরণ ত্রিপুরা। শহীদ পরিবারের পক্ষে শ্রদ্ধা জানান মুক্ক রঞ্জন ত্রিপুরা। এছাড়া এলাকার শিশু-কিশোররাও পুষ্পস্তবক অর্পণ করে।

পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।



‎নিরবতা পালন শেষে সুইমং মারমা উপস্থিত কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের পার্টির নীতি ও আদর্শ সমুন্নত রেখে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলনে অবিচল থাকার শপথ বাক্য পাঠ করান। এ সময় ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির বার্তাও পাঠ করা হয়।

‎পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফের মাটিরাঙ্গা গোমতি ইউনিটের সমন্বয়ক সুইমং মারমা।

ইউপিডএফ সদস্য পিবির-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সদস্য জনি ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সুইচিং মারমা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নব বিকাশ ত্রিপুরা এবং এলাকার জনপ্রতিনিধি, কার্বারি প্রমুখ।


বক্তারা বলেন, ইউপিডিএফ প্রতিষ্ঠালগ্ন থেকে নানা চড়াই-উতরাই ও দমন-পীড়নের মধ্য দিয়ে আন্দোলন এগিয়ে চলেছে। রাষ্ট্রীয় বাহিনী ও প্রতিক্রিয়াশীল শক্তির দমন, নির্যাতন, গুম ও হত্যার মুখেও গণতন্ত্র ও সমতার আদর্শে বিশ্বাস রেখে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম অব্যাহত রয়েছে। এই আন্দোলনে বহু নেতা-কর্মী আত্মত্যাগ করেছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে এখনো কারাবন্দি।

অংশগ্রহণকারীদের একাংশ।

‎তারা আরও বলেন, কথিত উন্নয়ন ও পর্যটনের নামে জুম্ম জনগণের ভূমি বেদখল করা হচ্ছে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলে পূর্ণস্বায়ত্তশাসনের অধিকার আদায়ের আহ্বান জানান বক্তারা।

‎সভা থেকে পাহাড়ের ছাত্র-যুব সমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানানো হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More