মাটিরাঙ্গা-পানছড়ি সীমান্তের বান্দরশিং পাড়া ও ভগবানটিলা এলাকায় ব্যাপক সেনা উপস্থিতি, জনমনে আতঙ্ক

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলা সীমান্তের বান্দরশিং পাড়া ও ভগবানটিলা এলাকায় ব্যাপক সেনা উপস্থিতির কারণে স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৫) সকাল ১১টার সময় মাটিরাঙ্গা সেনা জোন থেকে ১৫টি গাড়ি যোগে বিপুল সংখ্যক সেনা সদস্য বান্দরসিং পাড়া ও ভগবানটিলা এলাকায় গিয়ে অবস্থান নেয়। এখনো তারা ওই এলাকায় অবস্থান নিয়ে রয়েছে। তাদের কী পরিকল্পনা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
অপরদিকে, একই এলাকায় জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দলও দুই মাসের অধিক সময় ধরে অবস্থান করছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, গত ৩ জানুয়ারি থেকে সন্তু গ্রুপের ৫০-৫৫ জনের একদল সশস্ত্র সদস্য ভগবানটিলা ও বান্দরসিং পাড়া এলাকায় বিজিবি ক্যম্পের আশেপাশে অবস্থান করছে। সেখান থেকে তারা নানা অপকর্ম সংঘটিত করছে। কিন্তু বিজিবি কিংবা সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে বরং প্রয়োজনীয় নিরাপত্তা ও তাদের কাছে গুলি সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে।
একটি বিশ্বস্ত গোপন সূত্রের তথ্য অনুযায়ী গত ৩ মার্চ রাত দেড়টার দিকে মাটিরাঙ্গা জোন থেকে এক দল সেনা সদস্য তাইন্দং ইউনিয়নের বান্দরসিং পাড়ায় (ভগবান টিলার কাছে) জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র দলটির কাছে অন্তত ২ হাজার গুলি সরবরাহ করেছে।
এদিকে, বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতির কারণে উক্ত এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরও পড়ুন:
* ভ্রাতৃঘাতী সংঘাত চালিয়ে যাওয়ার শর্তে সন্তু গ্রুপকে সেনাদের গুলি সরবরাহ
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
