রামহরি পাড়া উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থান, জনমনে আতঙ্ক!

0


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬

রাঙামাটির নান্যাচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া উচ্চ বিদ্যালয়ে গত দুই দিন ধরে সেনাবাহিনীর একটি দল অবস্থান করছে। তাদের অবস্থানের সঠিক কারণ না জানায় ওই এলাকার জনগণ আতঙ্কের মধ্যে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৫:৩০টার  দিকে নান্যাচর জোন থেকে একজন মেজর ও একজন ক্যাপ্টেনের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন সেনা সদস্য ৫টি গাড়ি যোগে রামহরি পাড়া উচ্চ বিদ্যালয়ে এসে অবস্থান নেয়। এরপর থেকে তারা সেখানে রয়েছে।

গতকাল (২৫ মার্চ) রাতে সেনাবাহিনীর আরো দুটি গাড়ি উক্ত বিদ্যালয়ে আসার পর সেনারা বিদ্যালয়ের গেইট বন্ধ করে রাখে এবং রাস্তা দিয়ে লোকজনকে চলাচল করতে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, বুড়িঘাট সাব-জোনে আসা-যাওয়ার পথে নান্যাচর সদর জোনের কমান্ডিং অফিসার (সিও) ঐ বিদ্যালয়ে প্রবেশ করেন বলে জানা গেছে।

বিদ্যালয়ে সেনাদের এমন রহস্যজনক অবস্থানের কারণে এলাকার মানুষের মধ্যে নানা সন্দেহ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সেনারা গতকাল (২৫ মার্চ) রামহরি পাড়া এলাকার বিভিন্ন পয়েন্টে টহল দেয়ার পর আজ (২৬ মার্চ) দুটি গাড়িযোগে ১৮-২০ জনের একটি দল কৃষ্ণমাছড়া এলাকার দিকে টহল অভিযানে গেছে।

‘আগামী রবিবার (২৮ মার্চ) পর্যন্ত সেনারা উক্ত বিদ্যালয়ে অবস্থান করবে’ বলে তথ্য পাওয়া গেছে।

সেনাদের অবস্থানের ফলে সেখানকার স্থানীয় জনমনে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More