লংগদুতে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্র!

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের ধনপুদি বাজার এলাকা থেকে ‘দুই জন জেলে (বাঙালি) অপহৃত হয়েছেন’ এমন গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্রের খবর পাওয়া গেছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পাহাড়িরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ২টার দিকে লংগদুর ধনপুদি বাজার এলাকা থেকে মাছ শিকার করতে যাওয়া ২ জন বাঙালি জেলে (নাম জানা যায়নি) “অপহৃত” হয়েছেন মর্মে তাদের আত্মীয়-স্বজনরা স্থানীয় পাহাড়ি মুরুব্বীদেরকে জানায়। তাদের ভাষ্য মতে, উক্ত দুই জন জেলে তাদেরকে “অপহরণ” করে নিয়ে যাওয়ার কথা জানানোর পর পরই তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি তারা পুলিশ ও সেনাবাহিনীকেও অবগত করেন।
তাদের এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে স্থানীয় পাহাড়িদের পক্ষ থেকে খোঁজ-খবর নিয়ে সে ধরনের কোন ঘটনা সম্পর্কে তারা জানতে পারেননি।
পরে প্রশাসনের পক্ষ থেকে জেলেদের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের অবস্থান শনাক্ত করার মাধ্যমে বিকাল ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনী তাদেরকে রাধামন ও ধনপুদি বাজারের মাঝামাঝি হ্রদের পানি এলাকায় মাছ শিকার করা অবস্থায় খুঁজে পায় এবং তাদেরকে হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে।
কী করণে তারা এমন কাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
তবে, স্থানীয়রা এ ঘটনাকে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
