সাজেকে সেনাবাহিনী কর্তৃক স্কুল ভেঙে দেয়ার প্রতিবাদে এলাকাবাসীর সড়ক অবরোধ, ২৪ ঘন্টার আল্টিমেটাম

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাজলং এলাকার এগোজ্যাছড়িতে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় জনগণের অর্থায়নে নির্মাণাধীন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙে দেয়ার প্রতিবাদে এলাকার বিক্ষুব্ধ জনতা পর্যটন সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে বিদ্যালয় থেকে নিয়ে যাওয়া সকল সরঞ্জাম যথাস্থানে পৌঁছে দেয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিদ্যালয় ভেঙে দেয়ার প্রতিবাদে পর্যটন সড়ক অবরোধ করে রেখেছে এলাকার বিক্ষুব্ধ জনতা। 


জানা যায়, আজ রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার সময় বাঘাইহাট সেনা জোন থেকে একটি পিকআপে করে একদল সেনা সদস্য কয়েকজন সেটলারকে সাথে নিয়ে এগোজ্যাছড়ি গ্রামে গিয়ে স্থানীয় জনগণের অর্থায়নে নির্মানাধীন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে দেয় এবং ঢেউটিনসহ নির্মাণাধীন সরঞ্জাম গাড়িতে করে নিয়ে যায়।

উক্ত বিদ্যালয় ভেঙে দেয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকার জনগণ তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নেমে সাজেক পর্যটন সড়ক অবরোধ করে। এ সময় সেনাবাহিনী ও পুলিশকে উপস্থিত থাকতে দেখা যায়।

সেনাবাহিনীির ভেঙে দেওয়া নির্মাণাধীন বিদ্যালয়। 

বিক্ষুব্ধ জনতা আগামী ২৪ ঘন্টার মধ্যে যেসব নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে সেগুলো যথাস্থানে পৌঁছে দেয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পরে এক সেনা কমর্ককর্তা সেখানে উপস্থিত হয়ে সমস্যাটি সমাধানের আশ্বাস প্রদান করলে বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সরে যান। 

এদিকে, উক্ত বিষয়টি নিয়ে আগামীকাল (১৫ ডিসেম্বর) বাঘাইহাট সেনা জোনে আলোচনা করা হবে বলে জানা গেছে।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More