স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার নির্বাচনী প্রচারণা সভায় অংশ না নিতে কড়া নির্দেশ সন্তু গ্রুপের

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সেখানে তার সমর্থক-শুভকাঙ্ক্ষীরা প্রস্তুতি নিতে থাকলে খবর পেয়ে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র লোকজন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রচারণাসভায় অংশ না নিতে কড়া নির্দেশ দেয়। এমনকি কেউ তাঁর প্রচারণা সভায় যোগদান করলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে বলে সংশ্লিষ্ট লোকজন জানিয়েছেন।
এদিকে, সন্তু গ্রুপের এমন ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতি এলাকার জনগণ তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, জেএসএস পাহাড়ে গণহত্যা, সাম্প্রদায়িক হামলা ও সেটলার পুনর্বাসন করে পাহাড়ি উচ্ছেদকারী দল বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে। জেএসএস-এর মতো একটি দলের এমন রাজনৈতিক অধঃপতন জাতির জন্য মঙ্গলজনক নয়।
স্থানীয় তথ্যসুত্রে জানা গেছে, সন্তু গ্রুপের কমান্ডার ফরেন চাকমার নেতৃত্ব ১৪ জনের একটি সশস্ত্র দল বন্দুকভাঙ্গার কুমড়াপাড়া ও মগপাড়া গ্রামের কাছাকাছি স্থানে অবস্থান করছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে পহেল চাকমা স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোপূর্বেও তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে সন্তু গ্রুপের লোকজন হুমকি দিয়েছিল, যার কারণে পহেল চাকমা থানায় জিডিও করেছেন। কয়েকদিন আগে তার আপন ছোটভাইসহ বিভিন্ন জনকেও পহেল চাকমার নির্বাচনী প্রচারে অংশ না নিতে হুমকি প্রদান করার অভিযোগ রয়েছে।
তবে, হুমকি-ধমকি উপেক্ষা করে পহেল চাকমা তার নির্বাচনী প্রচারণা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
