আলীকদমে হাম ও উপসর্গ নিয়ে ৩৪ জন শিশু হাসপাতালে ভর্তি, এ পর্যন্ত ৫ শিশুর মৃত্যু

0
ছবিটি ভিডিও থেকে নেওয়া।

আলীকদম (বান্দরবান), সিএইচটি নিউজ
শনিবার, ২ মে ২০২৬

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকাগুলোতে হাম-রুবেলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। হামে আক্রান্ত হয়ে আজ শনিবার (২ মে) তাংতুই ম্রো (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মারা যাওয়া শিশুরা হলেন- সংরুং ম্রো (৭ মাস), খতং ম্রো (৭), তুমমুম ম্রো (১২), য়ংরাও ম্রো (৯) ও তাংতুই ম্রো (১১)।

বর্তমানে রক্ত বমি-সহ বিভিন্ন আশঙ্কাজনক উপসর্গ নিয়ে ৩৪ জন শিশু রোগী আলীকদম উপজেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ম্রো ইয়ুথ অর্গানাইজেশন তাদের সার্বিক তত্ত্বাবধান করছে।

এর আগে প্রথম দফায় ৪১ জন রোগীকে আলীকদম, লামা ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করে সুস্থতার জন্য বাড়িতে পাঠানোর কথা জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।

তারা আরও জানান, আলীকদম একটি ম্রো অধ্যুষিত দুর্গম অঞ্চল হওয়ায় এবং অধিকাংশ ম্রো জনগোষ্ঠী প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাস করায় অনেক আক্রান্ত রোগীর খোঁজ-খবর নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে আক্রান্তের সংখ্যা পুনরায় বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে বিভিন্ন দুর্গম গ্রাম থেকে রোগীরা আলীকদম উপজেলা সদর হাসপাতালে আসতে শুরু করেছে।

প্রশাসনের দুর্বল হস্তক্ষেপ ও অব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

আলীকদমের ম্রো যুব ও ছাত্রসমাজের পক্ষ থেকে এই সংকটময় পরিস্থিতিতে সহৃদয়বান ব্যক্তিদের আক্রান্ত শিশু ও রোগীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More