ইউপিডিএফ নেতা অনিমেষ চাকমাসহ চার শহীদের স্মরণে গুইমারায় প্রদীপ প্রজ্জ্বলন

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় নেতা শহীদ অনিমেষ চাকমা, সদস্য পূর্ণ জীবন চাকমা, পুলক চাকমা ও শুক্রসেন চাকমার ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁদের স্মরণে গুইমারায় প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গুইমারা উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় এ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।

এতে শহীদ অনিমেষ চাকমাসহ পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলনে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা।
তিনি বলেন, অনিমেষ চাকমা ছাত্র জীবনে রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পাহাড়ি ছাত্র পরিষদের সাথে যুক্ত হয়ে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ছাত্রত্ব শেষ করে তিনি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফ’র যুক্ত হয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তাঁর লালিত আদর্শ, চিন্তা-চেতনা ছাত্র-সমাজকে অনুপ্রেরণা জোগাবে। তাঁর অবদান পাহাড়ি ছাত্র পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম জনগণ আজীবন মনে রাখবে।
তিনি বলেন, অনিমেষ চাকমাসহ যারা অধিকারকামী নেতা-কর্মীদের হত্যা করেছে তাদের বিচার একটি পার্বত্য চট্টগ্রামের মাটিতে হবে। তাদেরকে জনগণের কাঠগড়ায় বিচারের মুখোমুখি হতে হবে।

উল্লেখ, ২০১১ সালের ২১ মে রাঙামাটির বরকল উপজেলার সুবলঙ ইউনিয়নের মিদিঙাছড়ি গ্রামে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় অনিমেষ চাকমাসহ ৪ জন শহীদ হন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
