শোক সংবাদ
কাউখালীতে শহীদ প্লুটো চাকমার পিতাসহ দুই বয়োজ্যেষ্ঠ শুভাকাঙ্ক্ষীর মৃত্যুতে ইউপিডিএফ’র স্থানীয় ইউনিটের শোক প্রকাশ

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
রাঙামাটির কাউখালীতে শহীদ প্লুটো চাকমার পিতাসহ দুই বয়োজ্যেষ্ঠ শুভাকাঙ্ক্ষীর বার্ধক্যজনিত মৃত্যুতে ইউপিডিএফের কাউখালী ইউনিটের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত পৌনে আটটার দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ডেবাছড়ি ও কজইছড়ি নিচপাড়া গ্রামে নিজ নিজ বাড়িতে তাঁরা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
প্রয়াতদের মধ্যে একজন হলেন, ঘাগড়া ইউনিয়নের ডেবাছড়ি গ্রামের নিবাসী ও ইউপিডিএফের শহীদ সদস্য অনল বিকাশ চাকমা (প্লুটো)-এর পিতা বাবু ফুলেশ্বর চাকমা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর। তাঁর মেঝো ছেলে প্লুটো নব্যমুখোশ বাহিনী কর্তৃক ২০১৭ সালের ১৫ ডিসেম্বর দিবাগত রাতে বন্দুকভাঙ্গা এলাকার ধামাছড়া গ্রামে নির্মমভাবে হত্যার শিকার হন। শহীদ প্লুটো অবিভক্ত পিসিপি থেকে সক্রিয়ভাবে আন্দোলনে নিয়োজিত ছিলেন।
বাবু ফুলেশ্বর চাকমাও ইউপিডিএফ গঠনের পর থেকেই নানাভাবে সহযোগিতা ও অনুপ্রেরণা যুগিয়েছেন। তিনি অতিথি পরায়ন ও অমায়িক দয়ালু ছিলেন বলে গ্রামবাসীরা জানান।
প্রয়াত অপরজন হলেন, একই ইউনিয়নের কজইছড়ি নিচপাড়া গ্রামের নিবাসী প্রবীণ মুরুব্বী, গুণীজন, সমাজসেবক বাবু কৃষ্ণ চন্দ্র চাকমা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ছিলেন ইউপিডিএফের একনিষ্ঠ সমর্থক। জীবিতকালে তিনি পার্টির নেতা-কর্মীদের নানা সুপরামর্শ দিয়ে গেছেন।
তিনি কর্মময় জীবনে নিজ পাড়া ও এলাকায় সামাজিক নানা কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তিনি হারাঙ্গী পাড়া উচ্চ বিদ্যালয়ের একজন দাতা সদস্য হিসেবে স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই আজীবন ভূমিকা রেখেছেন।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর জেএসএস সরকারের সাথে চুক্তি করলে তিনি তার সমালোচনা করেছিলেন। পরবর্তীতে ইউপিডিএফ গঠন হলে তিনি পার্টিকে নানাভাবে সহযোগিতা করেছেন ও সুপরামর্শ দিয়েছেন।
সে সময়কার স্বাধিকার বুলেটিনসহ নানা পুস্তিকা বের হলে সেসবের একনিষ্ঠ পাঠক ছিলেন প্রয়াত কৃষ্ণ চন্দ্র চাকমা। পরবর্তীতে পিতৃভূমিসহ নানা পত্রিকা, পুস্তিকারও নিয়মিত পাঠক ছিলেন তিনি।
তাঁর জীবদ্দশায় কখনো কাউকে অন্যায় করেছেন বলে শোনা যায়নি। তিনি মিশুক, অতিথি পরায়ণ ও একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন বলে তাঁর গ্রামবাসীরা জানান।
এদিকে, উক্ত দুই বয়োজ্যেষ্ঠ শুভাকাঙ্ক্ষীর বার্ধক্যজনিত কারণে মৃত্যুতে ইউপিডিএফের কাউখালী ইউনিটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারদ্বয়ের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
