কুদুকছড়িতে সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক যুবনেতা ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা, দুই নারী গুলিবিদ্ধ

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের কুদুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) জেএসএস (সন্তু)-এর একদল সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে তার দুই বোন কৃপা সোনা চাকমা (৪০) ও ভাগ্য শোভা চাকমা (৩৫) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) আজ সকাল আনুমানিক ৬:১৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ধর্মশিং চাকমা কুদুকছড়ি উপর পাড়ার মৃত ধনঞ্জয় চাকমার ছেলে।

জানা যায়, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে জেএসএস(সন্তু)-এর ১৮-২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী কুদুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা যুবনেতা ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। এতে প্রাণ রক্ষায় তিনি বাড়ি থেকে সরে যাবার সময় সন্ত্রাসীরা তার পিছু ধাওয়া করে। বেশ কিছুদূর ধাওয়া করার পর সন্ত্রাসীরা তাকে নাগাল পেয়ে সেখানে গুলি করে হত্যা করে। এ সময় তার দুই বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমা তাকে রক্ষায় এগিয়ে আসলে সন্ত্রাসীদের গুলিতে তারা দু’জনই হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

ধর্মশিং চাকমার মরদেহ।

ধর্মশিং চাকমাকে হত্যার পর সন্ত্রাসীরা কুদুকছড়ি ভুয়োআদাম হয়ে তোমিদুং এলাকার দিকে চলে যায় বলে জানা গেছে।

সন্ত্রাসীদের মধ্যে অটল চাকমা ও ঝিমিত চাকমা নামে দু’জনকে চেনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গুলিবিদ্ধ হয়ে আহত ভাগ্য শোভা চাকমা।
গুলিবিদ্ধ হয়ে আহত কৃপা সোনা চাকমা।

এদিকে, গতকাল (১৬ এপ্রিল) বিকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একদল সেনা সদস্য খামার পাড়া এলাকার শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে রাতভর অবস্থান কর। এলাকাবাসী ধারণা করছেন সন্ত্রাসীদের নিরাপত্তায় সেনা দলটি সেখানে অবস্থান করেছিল।

অপরদিকে, ধর্মশিং চাকমাকে হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক যুবফোরামসহ সহযোগী সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ পালন করছে বলে খবর পাওয়া গেছে।


উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১৮ মার্চ সেনাবাহিনীর সৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়া সোনা চাকমাকে অপরণের ঘটনার সময় ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল। তবে সে সময় আহত হলেও তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। সে সময় তার ছোট বোন ভাগ্য শোভা চাকমা আগলে ধরে তাকে রক্ষা করেছিলেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More