খাগড়াছড়িতে তিনটি বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, এক ব্যক্তিকে আটকের অভিযোগ

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ৩ মে ২০২৬

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকার দক্ষিণ নিলকান্ত পাড়ায় সেনাবাহিনী তিনটি বাড়িতে তল্লাশি ও এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৩ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার সময় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল দক্ষিণ নিলকান্ত পাড়ায় হানা দেয়। এ সময় তারা প্রথমে পাড়ার এক বাসিন্দার বাড়িতে তল্লাশি চালায় ও বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। এরপর পাড়ার আরেক বাসিন্দা প্রতিময় চাকমার বাড়িতেও তল্লাশি চালানো হয়। 

কিন্তু তাদের দুজনের বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনা-পুলিশ সদস্যরা একই পাড়ার বাসিন্দা জনেল চাকমার (৩৪) বাড়িতে গিয়ে তল্লাশি চালায় ও তাকে মারধর করে।

পরে চলে যাওয়ার সময় তারা জনেল চাকমাকে আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।

আটক জনেল চাকমার পিতার নাম কৃপান জ্যোতি চাকমা। তিনি একটি পার্সেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের গাড়ি চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।

তাকে আটকের বিস্তারিত কারণ জানা না গেলেও যৌথবাহিনীর বরাত দিয়ে কিছু কিছু ফেসবুক পেইজে তার কাছ থেকে ‘অবৈধ বিদেশী সিগারেট উদ্ধারের’ কথা বলা হচ্ছে। যদিও স্থানীয়রা সিগারেট উদ্ধারের বিষয়টি পরিকল্পিতভাবে সাজানো বলে মন্তব্য করেছেন। 

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More