খাগড়াছড়িতে শহীদ মিটন চাকমার স্মরণে প্রদীপ প্রজ্বলন

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

“আসুন, মিটন চাকমার পথ ধরি, শাসকগোষ্ঠীর সকল ষড়যন্ত্র মোকাবিলা করে অধিকার ছিনিয়ে আনি” এই স্লোগানকে সামনে রেখে ইউপিডিএফের তরুণ সংগঠক ও সাবেক ছাত্রনেতা শহীদ মিটন চাকমার আত্মবলিদানের ২য় বার্ষিকীতে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকাল ৫টায় খাগড়াছড়ি সদর এলাকায় আয়োজিত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমার সভাপতিত্বে ও অর্থ সম্পাদক স্বপন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুনীল ময় চাকমা।

অনুষ্ঠানের শুরুতে শহীদ মিটন চাকমাসহ এযাবৎকালে পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সুনীল ময় চাকমা বলেন, মিটন চাকমা আমাদের অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি লড়াকু ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় জীবন শেষে নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করার লক্ষ্যে ইউপিডিএফে যোগ দেন। শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে পাহাড়ের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। যাঁরা জাতির জন্য জীবন উৎসর্গ করেন, তাঁরা অমর হয়ে থাকেন। পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত মানুষের হৃদয়ে মিটন চাকমা আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

সভাপতির বক্তব্যে প্রাঞ্জল চাকমা বলেন, চীনের একটি বিপ্লবী প্রবাদে বলা হয়েছে, “কিছু মানুষের মৃত্যু বুনো হাঁসের পালকের চেয়েও হালকা, আর বিপ্লবীদের মৃত্যু পাহাড়ের চেয়েও ভারী।” কমরেড মিটন চাকমাও জাতির জন্য, জনগণের জন্য জীবন দিয়েছেন। তার মৃত্যুও পাহাড়ের চেয়েও ভারী।

তিনি দৃঢ়তার সাথে বলেন, শাসকগোষ্ঠীর ভাড়াটে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র ঘাতকেরা মিটন চাকমাকে হত্যা করতে পারলেও তাঁর চেতনা ও আদর্শকে হত্যা করতে পারেনি। মিটন চাকমার আদর্শ ধারণ করে প্রত্যেককে তাঁর মতো হয়ে উঠতে হবে।”

তিনি পাহাড়ে নেতৃত্ব ধ্বংস করে দেয়ার লক্ষ্যে উদীয়মান তরুণ নেতাকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান শেষে শহীদ মিটন চাকমার প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছাত্র-জনতা প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে “এক মিটন লোকান্তরে, লক্ষ মিটন পাহাড়ের কোলে”, “আজকের এই দিনে মিটন তোমায় মনে পড়ে”, “মিটন চাকমার রক্ত বৃথা যেতে দেব না” ইত্যাদি শ্লোগান দেন।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More