খাগড়াছড়িতে ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়ি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায়কিসলু জানান।
আটক মোহাম্মদ শরিফ হোসেন একই এলাকার বাসিন্দা এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির বাড়িতে গরুর ঘাস কাটার কাজ করতেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্য, সকালে স্কুলে যাওয়ার পথে শরিফ শিশুটিকে একা পেয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে সে বিষয়টি তার এক সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে শরিফকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি কায়কিসলু বলেন, “স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
* সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
