দীঘিনালায় জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

0
সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত সুজন চাকমা


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৪ জুন ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে।

আজ বুধবার (২৪ জুন ২০২৬) দুপুরে দীঘিনালার বাবুছড়া মুড়োপাড়া চৌমুহনী রাস্তার মোড়ে এ ঘটনাটি ঘটে।

নিহত ইউপিডিএফ সদস্যের নাম সুজন চাকমা (৪৮), পিতা- বিনন্দ মোহন চাকমা। তার বাড়ি কবাখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তারাবন্যা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১২:৪৫টার দিকে চিনুমং মারমার পরিচালিত সশস্ত্র গ্রুপের কমান্ডার পূর্ণ প্রিয় চাকমার নেতৃত্বে জেএসএস(সন্তু)-এর ৫-৬ জনের একদল সশস্ত্র সদস্য সাধারণ পোশাক পরিহিত অবস্থায় বাবুছড়া মুড়োপাড়া চৌমুহনী রাস্তার মোড় এলাকায় অতর্কিতে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা সেখানে সাংগঠনিক কাজে অবস্থানরত ইউপিডিএফ সদস্য সুজন চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সুজন চাকমাকে হত্যার পর সন্ত্রাসীরা সাধনাটিলা রাস্তা হয়ে জারুলছড়ি সেনা ক্যাম্পের পাশ দিয়ে ধনপাদার দিকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দীঘিনালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুজন চাকমার মরদেহ উদ্ধার করেছে। 

স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সাথে রাষ্ট্রীয় বাহিনীর যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করছেন। 

এ হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More