পানছড়ির ঘটনা দুই পক্ষের মধ্যে গোলাগুলি নয়, জেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ: ইউপিডিএফ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৬ জুলাই ২০২৬

আজ সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে জেএসএস সন্তু গ্রুপের তিন সদস্য নিহত হওয়ার ঘটনাকে ইউপিডিএফ ও জেএসএস সন্তু গ্রুপের মধ্যে গোলাগুলির ফল হিসেবে কয়েকটি সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয় বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, জেএসএস সন্তু গ্রুপের মধ্যে সাধারণ কর্মীদের বিদ্রোহ থেকে এই ঘটনার উৎপত্তি হয়েছে।

তিনি বলেন, ‘দলের ভেতরে বিভিন্ন অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতি চলতে থাকায় এবং ইচ্ছার বিরুদ্ধে ইউপিডিএফের সাথে সংঘাতে জড়াতে বাধ্য করানোর কারণে সন্তু গ্রুপের সাধারণ নেতাকর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। তারই ফলশ্রুতিতে আজ তাদের পাঁচ সদস্য বিদ্রোহ করে দলত্যাগ করতে চাইলে তাদের ওপর মধুমঙ্গল পাড়ায় জেএসএস সন্তু গ্রুপ গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়, বাকি দুই জনকে বন্দী করা হয়।’

ইউপিডিএফ নেতা মনে করেন আজকের ঘটনাটি কোন সাধারণ ও বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা সুবিধাবাদী ও আদর্শহীন রাজনীতির ওপর প্রতিষ্ঠিত জেএসএস সন্তু গ্রুপের ভেতরে বড় ধরনের ভাঙনেরই ইঙ্গিত দিচ্ছে।

তিনি যাচাই বাছাইয়ের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার জন্য মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More