বন্দুকভাঙায় এক গ্রামবাসীর হলুদ ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে

0
 সেনা সদস্যদের নষ্ট করে দেওয়া হলুদ ক্ষেতের অংশ।

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের দিমুখ্যাছড়া গ্রামে অরুণ জ্যোতি চাকমা নামে এক গ্রামবাসীর হলুদ ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনী সদস্যদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়্, আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে ১১টার সময় দিমুখ্যাছড়া প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করা সেনা সদস্যদের মধ্য থেকে ৩০-৪০ জনের একটি সেনাদল কথিত ‘সন্ত্রাসী’ খোঁজার নামে দিমুখ্যাছড়া গ্রামের বাসিন্দা অরুণ জ্যোতি চাকমার হলুদ ক্ষেতের পাহাড়ে যায়। এ সময় তারা যত্রতত্রভাবে বুটজুতা পায়ে মাড়িয়ে তাঁর হলুদ ক্ষেতের অনেকটা নষ্ট করে দেয়।

এ ঘটনার জন্য ভুক্তভোগী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে ক্ষতিপূরণ দাবি করেছেন।

উল্লেখ্য, গতকাল (১১ অক্টোবর) নান্যাচর সেনাজোনের টু-আইসি মেজর নাঈমের নেতৃত্বে ৮০-৯০ জনের একদল সেনা সদস্য বন্দুকভাঙা ইউনিয়নের দিমুখ্যাছড়া গ্রামে গিয়ে সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। সেখানে যাওয়ার পর তারা জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সংযোগ রেখে অভিযানের নামে দ্বিমুখ্যাছড়া গ্রামের টিলা-পাহাড় ঘুরে বেড়াচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, সেনাদের অস্বাভাবিক ঘোরাঘুরি ও তৎপরতার কারণে এলাকার সাধারণ জনগণের দৈনন্দিন কাজকর্মে এবং স্কুলের কোমলমতি শিশুদের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সাধারণ জনগণ ভয়ে ঠিকমত কাজে পারছেন না বলে তারা জানান।

তাঁরা এমনও আশঙ্কা করছেন যে, সেনাবাহিনী হয়তো তাদের এলাকায়ও জেএসএসের সশস্ত্র সদস্যদের নিয়ে এসে হয়রানি করতে পারে। ফলে তারা অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More