বান্দরবানে আটক দুই বম নাগরিকের মুক্তির দাবিতে ঢাকায় পিসিপির বিক্ষোভ সমাবেশ

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৫ জুলাই ২০২৬

বান্দরবানের থানচি উপজেলায় সেনাবাহিনী কর্তৃক নিরীহ গ্রামবাসী চমখুপ বম ও জৌথোয়াং বমকে আটকের প্রতিবাদে এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), ঢাকা মহানগর শাখা।

আজ রবিবার (৫ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার ও ধরপাকড়সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের দাবি জানান। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের লক্ষ্যে পাহাড়ে জনগণের দাবি পূর্ণস্বায়ত্তশাসের অধিকার প্রদানের জন্য সরকারে প্রতি আহ্বান জানান।

পিসিপি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক বাহাদুর ত্রিপুরার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অংসালা মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা নগর শাখার সভাপতি তৈয়ব ইসলাম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা নগর সংগঠক রাকিব উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হক, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ঢাকা নগর শাখার সংগঠক নাইম উদ্দিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যা, গ্রেফতার, ধরপাকড়, নির্যাতন-সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ জুন খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সদস্যরা গুলি করে ইউপিডিএফের সদস্য ববিন ত্রিপুরাকে হত্যা করেছে। এছাড়া গত জুন মাসে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ২৩ জন পাহাড়িকে গ্রেফতার করা হয়েছে, ২ জনকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং একজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

বক্তারা আরও বলেন, ২০২২ সাল থেকে বান্দরবানে কুকি-চিন দমনের নামে পরিচালিত সামরিক অভিযানে বম জনগোষ্ঠীর বহু নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে দীর্ঘ বছর ধরে বিনা বিচারে আটক রাখা হয়েছে, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল। এদের মধ্যে কারাগারে থাকা অবস্থায় তিনজন বম নাগরিকের মৃত্যু হয়েছে। বর্তমানে প্রায় ৮০ জন বম নাগরিক কারাগারে আটক রয়েছেন।

বক্তারা বলেন, এই রাষ্ট্র একটি জাতিকে ধ্বংস করতে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ গত ২ জুলাই থানচি উপজেলার থাংদোয়াই পাড়া থেকে চমখুপ বম (৬৫) এবং সেরকর পাড়া থেকে জৌথোয়াং বমকে (৫৫) নিজ নিজ বাড়ি থেকে কুকি-চিন সন্দেহে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে জৌথোয়াং বমকে কথিত “বন্দুক-কার্তুজ”সহ আটক দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলেও চমখুপ বমের অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি বলে বক্তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে বক্তারা থানচিতে দুই বম নাগরিককে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চমখুপ বম ও জৌথোয়াং বমসহ কারাগারে আটক সকল বম নাগরিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More