বান্দরবানে ৫ বছরের শিশুকে ধর্ষণসহ সারাদেশে ধর্ষণ-হত্যার বিরুদ্ধে খাগড়াছড়িতে মশাল মিছিল

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৪ মে ২০২৬

বান্দরবানের থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও প্রতিবাদকারী জনতার ওপর বিজিবির নগ্ন আক্রমণ-বাধা প্রদানসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে খাগড়াছড়িতে মশাল মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ রবিবার (২৪ মে ২০২৬) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া থেকে মশাল মিছিলটি শুরু হয়ে স্বনির্ভরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহব্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তৃষ্ণাঙ্কর চাকমা।

বক্তরা বলেন, বান্দরবানে থানচিতে গতকাল ৫ বছরের এক পাহাড়ি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার অভিযুক্ত বিজয় বড়ুয়ার বিচার ও শাস্তির দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা থানচি থানায় গেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে বাধাপ্রদান করে এবং লাঠিচার্জ করে। এর মাধ্যমে পরিষ্কার যে, ধর্ষকদের রক্ষা করতে শাসকগোষ্ঠি বরাবরই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে থাকে।

বক্তারা আরো বলেন, ঢাকায় রামিসার ধর্ষণ-হত্যার ঘটনা সারা দেশব্যাপী আলোচনা তৈরি করলেও পার্বত্য চট্টগ্রামের ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন তৎপর। যা জাতিগত বৈষম্য ছাড়া কিছুই নয়। পাহাড়ে কৃত্তিকা ত্রিপুরা, চিংমা খেয়াং-সহ বহু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা রয়েছে, যার কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। পাহাড়ের এই যে বিচারহীনতা তার প্রভাব আজ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সারাদেশে আজ নারী-শিশুদের ওপর ধর্ষণের মহোৎসব চলছে। বিচারহীনতার কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বৈ কমছে না।

বক্তারা দেশে ধর্ষণের মতো নৃশংস ঘটনা বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে মন্তব্য করে বলেন, পাহাড়ের ধর্ষকরা যেমন রাষ্ট্রীয় বাহিনীর আশ্রয়-প্রশয়ে থাকে একইভাবে সমতলের ধর্ষকরাও কোন না কোন বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে। ফলে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় না। কিছু কিছু অপরাধীকে গ্রেফতার করা হলেও লোকদেখানো কয়েকদিন জেলখানায় রেখে হৃষ্টপুষ্ট করে জামিনে মুক্তি দেওয়া হয় যাতে সে আরও অপরাধ সংঘটিত করতে পারে।

বক্তারা বান্দরবানসহ পাহাড়-সমতলে সংঘটিত ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় বিশেষ আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More