বিলাইছড়িতে সেটলার কর্তৃক ৯ম শ্রেণির পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

0
 অভিযুক্ত আব্দুল গফুর শেখ। সংগৃহিত ছবি

বিলাইছড়ি (রাঙামাটি), সিএইচটি নিউজ
রবিবার, ২৪ মে ২০২৬

রাঙামাটির বিলাইছড়িতে আব্দুল গফুর শেখ (৬৫) নামে এক সেটলার বাঙালির বিরুদ্ধে ৯ম শ্রেণির পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (২৩ মে ২০২৬) বিকালে বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ক্যারংছড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।

অভিযুক্ত আব্দুল গফুর শেখ বিলাইছড়ির গাছকাটা ছড়া গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে জানা যায়, গতকাল (২৩ মে) বিকাল ৪টার দিকে ভুক্তভোগী ছাত্রী প্রাইভেট পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাস্তায় তাকে একা দেখতে পেয়ে আব্দুল গফুর শেখ বিভিন্ন কুৎসিত ও আপত্তিকর অঙ্গভঙ্গি করে ওই ছাত্রীকে ডাকতে থাকে। এতে লম্পট গফুরের উদ্দেশ্য ও নিজের বিপদ বুঝতে পেরে ছাত্রী ভয়ে দ্রুত ওই স্থান থেকে পালিয়ে যেতে থাকলে অভিযুক্ত আব্দুল গফুর শেখ ছাত্রীকে পেছন থেকে তাড়া (ধাওয়া) করে ধরার চেষ্টা করে। তবে মেয়েটি তাতে ঘাবড়ে না গিয়ে সাহসিকতার সাথে দ্রুত দৌড়ে লম্পটের হাত থেকে নিজেকে রক্ষা করে নিরাপদ স্থানে পৌঁছতে সক্ষম হয়।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তবে ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কোনো শাস্তি না দিয়ে কেবল মুচলেকা নিয়ে অভিযুক্ত আব্দুল গফুর শেখকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More