‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে সাজেকে র্যালি ও সমাবেশ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাঙামাটির সাজেকে র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল ৯টায় সাজেকের উজোবাজারে ‘প্রাকৃতিক বিপর্যয় রোধে সচেতন ছাত্র যুব সমাজ’ এর ব্যানারে এই র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
‘Let us save our environment’-এই শ্লোগানে এবং ‘যত্রতত্র প্লাস্টিক-পলিথিন ফেলে বিপর্যয় ডেকে আনবেন না, নির্মল সবুজ পৃথিবী গড়ার লক্ষে এগিয়ে আসুন’ আহ্বানে র্যালি সহকারে উজোবাজার প্রদক্ষিণ করার পর সমাবেশ করা হয়।

র্যালি পরবর্তী সমাবেশে নতুন জয় চাকমার সভাপতিত্বে ও বিজয় কান্তি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা, সাজেক ইউপি সদস্য সুমিতা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা সুজয় চাকমা।
বক্তারা বলেন, পৃথিবীর মানবজাতিসহ প্রাণ-প্রকৃতি সুরক্ষার লক্ষ্যে ১৯৭২ সালে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের ঘোষণা দেওয়া হয়। এরপর ১৯৭৪ সাল হতে ৫ জুনকে দিবসটি পালন করা হয়ে আসছে।
তারা বলেন, গোটা বিশ্ব আজ পরিবেশ দূষণে কবলিত। মানবসৃষ্ট নানা পরিবেশ দূষণের ফলে মানুষ ও প্রাণ-প্রকৃতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই আমাদের পরিবেশ সুরক্ষায় আরো বেশি সচেতন হতে হবে। যত্রতত্র প্লাস্টিক-পলিথিন বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ যেমন বাড়ছে, মাটির উর্বরতাও কমে যাচ্ছে। তাই যত্রতত্র প্লাস্টিক-পলিথিন ফেলা বন্ধ করতে হবে। নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে সেগুলো ধ্বংস করতে হবে।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে পরিবেশ ধ্বংসের কথা উল্লেখ করে বলেন, অতীতে পার্বত্য চট্টগ্রামে ঘন বন-জঙ্গলে আচ্ছাদিত ছিল। বন্যপ্রাণীতে ভরপুর চিল পার্বত্য চট্ট্রগাম। কিন্তু কালক্রমে বনজঙ্গল উজাড় হয়ে অনেক বন্যপ্রাণীর বিলুপ্তি ঘটেছে। সাজেকসহ পাহাড়ে কিছু অসাধু মুনালোভী ব্যবসায়ী বৃক্ষ নিধন করে চলেছে। পাহাড় ও বন-জঙ্গল কেটে সড়ক নির্মাণ, পাথর উত্তোলন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার কারণে পার্বত্য চট্টগ্রামে দিন দিন পরিবেশ বিপর্যয় ঘটছে। ফলে পাহাড়ে ছড়া-ঝিরি শুকিয়ে গিয়ে পানির সংকট বৃদ্ধি পেয়েছে।

বক্তারা আরো বলেন, সুস্থ ও সুন্দর জীবন-যাপনের জন্য আমাদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বাজার, দোকান, ঘর-বাড়িতে ডাস্টবিন ব্যবহার করে পঁচনশীল বর্জ্য মাটিতে পুঁতে দিয়ে প্লাস্টিক-পলিথিন বর্জ্য পুড়িয়ে ফেলতে হবে।
বক্তারা সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় কথিত উন্নয়ন-পর্যটনের নামে পাহাড়, বন ধ্বংস বন্ধ করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
