যুবনেতা ধর্মশিং চাকমাকে হত্যার প্রতিবাদে কুদুকছড়িতে এলাকাবাসীর মানববন্ধন

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রাঙামাটির কুদুকছড়ি আবাসিক গ্রামে জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা ও তার ২ বোনকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে এবং চিহ্নিত হত্যাকারী গংদের গ্রেফতার-শাস্তির দাবিতে রাঙামাটি কুদুকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১০.৩০টায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে কুদুকছড়ি এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আঞ্চলিক পরিষদের গদি রক্ষার জন্য আর কত হত্যা করবে সন্তু?”; “সন্তু ধর্মশিং চাকমাকে হত্যা করে কি চুক্তি বাস্তবায়ন হলো?”; “যুব নেতা ধর্মশিং চাকমার হত্যাকারীদের গ্রেফতার কর” ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে কুদুকছড়ি এলকার যুবক তারুম চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুদুকছড়ি এলাকার যুব প্রতিনিধি রিগেন চাকমা। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাঙামাটি জেলা শাখার সভাপতি চয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সদস্য থুইনুমং মারমা ও হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সদস্য রিপনা চাকমা।

বক্তারা বলেন, বৈ-সা-বি উৎসব শেষ হতে না হতে গত ১৭ এপ্রিল সন্তু লারমার লেলিয়ে দেয়া জেএসএসের সশস্ত্র সন্ত্রাসী ঝিমিত চাকমা, অটল চাকমা গংরা যুবনেতা ধর্মশিং চাকমাকে আবাসিক গ্রামের নিজ বাড়িতে হামলা চালিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  


তারা আরো বলেন, সন্তু লারমার সন্ত্রাসী গংরা নিরস্ত্র মানুষকে অত্যাধুনিক অস্ত্র প্রয়োগ করে প্রাণ কেড়ে নিচ্ছে। ধর্মশিং চাকমার আপন ২ বোন পর্যন্ত তাদের নির্মমতা থেকে রেহাই পায়নি, তদেরকেও গুলি করে গুরুতর আহত করেছে। এই জঘন্য অপরাধের জন্য পার্বত্য চট্টগ্রামের জনগণ আর তাদের ক্ষমা করবে না।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকার আদায়ের লড়াই বানচাল করে দেয়ার লক্ষ্যে সন্তু লারমা শাসকগোষ্ঠির লেজুড়গিরি করে খুন-খারাবিতে লিপ্ত রয়েছেন। যার কারণে তিনি অধিকারের পক্ষের নেতা-কর্মীদের হত্যা করছেন।

পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত নিরসনের বিষয়ে বক্তারা বলেন, জনগণ দীর্ঘ সময় ধরে সংঘাত বন্ধের দাবি জানিয়ে আসছে। কিন্তু সন্তু লারমা আঞ্চলিক পরিষদের গদি রক্ষায় শাসকগোষ্ঠিকে খুশি রাখতে সংঘাত বন্ধ হতে দিচ্ছে না। তাই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করতে হবে।

তারা বলেন, আঞ্চলিক পরিষদের কোটি কোটি টাকার বরাদ্দ জনগণের উন্নয়নে কাজে না লাগিয়ে সন্তু লারমা তার সশস্ত্র বাহিনীকে লালন পালন ও অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করে পাহাড়ে খুন-খারাবি চালাচ্ছেন। প্রতিনিয়ত খুন, গুম, অপহরণ করে মানবাধিকার লঙ্ঘন করছেন।  

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ধর্মশিং চাকমার হত্যার সাথে জড়িত জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আঞ্চলিক পরিষদ থেকে অপসারণপূর্বক সন্তু লারমাকে বিচারের আওতায় আনার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More