রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার সমর্থনে সভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ফুটবল মার্কার সমর্থনে বন্দুকভাঙ্গা ইউনিয়নে বিভিন্ন গ্রামের জনসাধারণকে নিয়ে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ নির্বাচনী সভায় দ্বিমুখ্যা ছড়া, বামে ত্রিপুরাছড়া, ডানে ত্রিপুরাছড়া, কুড়ামারা, তংতুল্যা, মাচ্ছ্যাপাড়া, অঘোইছড়া, ডেবাছড়া, বাকছড়ি ও দুরখেইয়ে গ্রাম থেকে মুরুব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-যুবকসহ সাড়ে তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন।
সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে পহেল চাকমাকে ভোট দিয়ে বিজয়ী করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন উপস্থিত মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা জেএসএস (সন্তু)-এর বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থন ও তাঁর পক্ষ হয়ে এলাকার জনগণকে নানা হুমকি-ধমকি প্রদানের বিষয়ে সমালোচনা করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে চার লক্ষাধিক সেটলার বাঙালিকে পুনর্বাসন করানোর মাধ্যমে পাহাড়িদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। তার আমলে কাউখালীর কলমপতি গণহত্যা সংঘটিত হয়েছিল। এছাড়া বিএনপি’র আমলে লোগাং, মাল্যা ও নান্যাচরে গণহত্যা চালানো হয়েছিল। তাই এ দলের হয়ে এমপি নির্বাচিত হলেও দীপেন দেওয়ান পাহাড়িদের জন্য ভালো কিছু করতে পারবেন না। দলীয় শৃঙ্খলার কারণে তার পক্ষে সংসদে পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতনের বিষয়ে কথা বলা সম্ভব হবে না। জেএসএসের মতো একটি পুরোনো দলের বিএনপিকে সমর্থন দেয়াটা মোটেই উচিত হয়নি- এমন মন্তব্য উঠে আসে সভার বক্তাদের কাছ থেকে।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার বিষয়ে বক্তারা বলেন, পহেল চাকমা একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি নিজের অবস্থান থেকে সংসদে জনগণের পক্ষে কথা বলতে পারবেন। বড় কিছু করতে না পারলেও তিনি অন্তত পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন, শোষণ-বঞ্চনা, বৈষম্যের বিষয়ে সংসদে তুলে ধরতে পারবেন।
তাই সভা থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে ফুটবল প্রতীকে ভোট দিয়ে পহেল চাকমাকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
