সাজেকে শান্তিপূর্ণ সড়ক অবরোধে সেনাবাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ : সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা

0

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারী এসোসিয়েশনের বিবৃতি


সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে সাজেকে অনির্দিষ্টকালের জন্য আহূত তৃতীয় দফার সড়ক অবরোধে সেনাবাহিনীর নির্বিচারে লাঠিচার্জ, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক যৌথ বিবৃতিতে বলেন, আজ ২২ অক্টোবর সড়ক অবরোধের সমর্থনে নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দারা উজো বাজারসহ কয়েকটি স্থানে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধে অংশগ্রহণ করেন। এ সময় মাচালং ক্যাম্পের একজন মেজর অবরোধকারীদের সঙ্গে কথা বলার নামে সবার সামনে জেএসএসের পক্ষে বক্তব্য দেন। তাঁর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাঠি হাতে অবস্থান নেওয়া সেনাসদস্যদের রাস্তায় অবস্থানরত শান্তিপূর্ণ অবরোধকারীদের ওপর হামলা চালানোর নির্দেশ দেন। সেনাসদস্যদের অতর্কিত হামলা ও নির্বিচারে লাঠিপেটায় নারী অবরোধকারীসহ অনেকে আহত হন। একপর্যায়ে সেনাসদস্যরা সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার বাড়ি ও দোকানপাট ভাঙচুর করেন এবং ফাঁকা গুলি ছোড়েন।

নেতৃদ্বয় শান্তিপূর্ণ অবরোধে সেনাবাহিনীর এই হামলাকে ২০১০ সালের ঘটনার পুনরাবৃত্তি আখ্যায়িত করে বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও ফাঁকা গুলি ছোড়ার মাধ্যমে সেনাবাহিনী আইন নিজের হাতে তুলে নিয়েছে। এটি সংবিধানস্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী।

নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, “সাজেকবাসীর ন্যায্য দাবি অনুযায়ী, এলাকা থেকে জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং তাদের অত্যাচার ও সশস্ত্র সন্ত্রাস বন্ধ করার পরিবর্তে উল্টো নিরীহ সাজেকবাসীর ওপর বিনা উসকানিতে হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। সন্ত্রাসীদের রক্ষা করতেই এই হামলা চালানো হয়েছে।”

বিবৃতিতে তাঁরা অবিলম্বে হামলার জন্য দায়ী সেনাসদস্যদের প্রত্যাহার এবং জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান। পাশাপাশি, তাঁরা অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More