সাজেকের ভুয়োছড়িতে সেনাবাহিনী কর্তৃক গ্রামবাসীদের ক্ষেত ধ্বংস ও সবজি চুরির অভিযোগ!

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
রাঙামাটির সাজেক ইউনিয়নের ভুয়োছড়িতে সেনাবাহিনীর সদস্যরা গ্রামবাসীদের সবজি ক্ষেত ধ্বংস করে দিয়ে ক্ষেতের বিভিন্ন সবজি নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর মাচলং ক্যাম্পের কমান্ডার মাসুম এর নেতৃত্বে ৪৯ জনের একদল সেনা সদস্য ভুয়োছড়িতে টহল অভিযানে যায়। সেখানে যাওয়ার পর সেনারা গ্রামবাসীদের ক্ষেত থেকে কোনো প্রকার অর্থ পরিশোধ ছাড়া মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, শিম, কলা ইত্যাদি চুরি করে নিয়ে যায়। সবজি নেয়ার পর তারা সবজি ক্ষেত ধ্বংস করে দেয় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন।
সেনাবাহিনীর এমন গর্হিত কাজে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ধরনের ঘটনা পাহাড়ে নিয়োজিত সেনাদের অনৈতিক কর্মকান্ড ও জনগণের ওপর তাদের জুলুম-নির্যাতন-হয়রানিকে স্পষ্টভাবে তুলে ধরছে বলে মন্তব্য স্থানীয় সচেতন মহলের।
এলাকাবাসী সেনাবাহিনীর এমন ঘৃণ্য কর্মকান্ড বন্ধের জন্য সরকার ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ওই এলাকায় সেনাবাহিনীর শতাধিক সদস্য মাসখানেক অবস্থান করে বিনামূল্যে গ্রামবাসীদের পুকুর থেকে অবাধে মাছ ও সমবায় খামার থেকে ছাগল, হাঁস জবাই করে খেয়ে দেয়। এছাড়া গ্রামবাসীদের ক্ষেতের সবজিও খেয়ে সাবাড় করে দেয়ার অভিযোগ রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
