কাউখালীতে অপহৃত দুই নারীকে ছেড়ে দিয়েছে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা

0

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ জুন ২০২৬

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেভাপাড়া এলাকা থেকে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র গ্রুপ কর্তৃক অপহৃত দুই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ রবিবার (২৮ জুন ২০২৬) বিকাল ৩টার দিকে ঘাগড়ার নুয়োআদাম থেকে সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দেয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার সময় ভূক্তভোগী দুই নারী লেভাপাড়ার পুরাতন আর্মি ক্যাম্পের ভিটা/টিলা হতে লাকড়ি আনতে গেলে পূর্ব থেকে সেখানে অবস্থান করা জেএসএসের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদেরকে অপহরণের পর আটকে রেখে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

ভুক্তভোগীরা নারীরা হলেন- রুপনা চাকমা (৩৬), স্বামী: ধর্ম মোহন চাকমা ও কবিতা চাকমা (২৪), স্বামী: তুংঙো চাকমা। তারা উভয়ে লেভাপাড়ার বাসিন্দা।

উক্ত ঘটনাটি এলাকায় জানাজানি হলে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ দেখা দেয়। এরপর সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়।

তবে সন্ত্রাসীরা উক্ত ভিটায়/টিলায় যাতে আর কেউ না যায় সে নির্দেশ দেয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত রাতে জেএসএস সন্তুগ্রুপের ৪০-৫০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী নুয়োআদাম গ্রামে প্রবেশ করে। তারা এখনো ওই এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করলেও প্রশাসনের তরফ থেকে কোন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

অভিযোগ উঠেছে, জেএসএস সন্ত্রাসীদের উক্ত এলাকায় আনার কাজকে নির্বিঘ্ন করতে গত ২৫ জুন থেকে হারাঙ্গী উচ্চ বিদ্যালয় ও পানছড়ি উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর দুটি দল একযোগে দুই রাত অবস্থান করেছিল। এরপর গতকাল (২৭ জুন) সেনাবাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর পরই রাতে জেএসএস সন্তু সন্ত্রাসীরা সেখানে আসে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More