কাউখালী, কুদুকছড়ি ও লক্ষীছড়িতে ব্যাপক সেনা অভিযানের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাঙামাটির সদর উপজেলার কুদুকছড়ি, কাউখালী উপজেলা ও খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় ব্যাপক সেনা অভিযানের প্রস্তুতির খবর পাওয়া গেছে। এতে এলাকার জনমনে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা যায়, আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ৭টার মধ্যে ৭টি গাড়ীযোগে কাউখালীর ঘাগড়া ইউনিয়নের চেলাছড়ায় ১৩০ জনের অধিক সেনা সদস্য উপস্থিত হয়। পরে তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে।
এর মধ্যে চেলাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন, লেভাপাড়ার হারাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ৬০ হতে ৭০ জন এবং কজইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন সেনা অবস্থান করছে বলে করছে।
সেনারা জীপ গাড়ী যোগে খাদ্য সামগ্রী, ত্রিপল, লাকড়ী, বাঁশ নিয়ে এসেছে এবং স্থানীয় দোকানদারদের ফ্রিজে মাছ মাংস রেখেছে বলে জানা গেছে।
এছাড়া, কাউখালী সদর থেকে ৩০ জনের একটি সেনা দল হারাঙ্গী গ্রামে অবস্থান করছে। আর গতকাল (২০ জুলাই) থেকে সুবেদার রূপমের নেতৃত্বে ২০ জনের একটি সেনা দল ঘাগড়া ইউনিয়নের নাকশাছড়ি এলাকায় অবস্থিত দুর্য্যাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।
অপরদিকে, রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০-২৫ জনের একদল সেনা সদস্য অবস্থান নিয়েছে। তারা নানিয়াচর জোন থেকে বেলা ১:০০টার দিকে এসেছে বলে জানা গেছে। সেনারা নারানছড়া এবং ডুলুছড়ি মোনে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া রাঙামাটি সদর জোন নিয়ন্ত্রিত মানেকছড়ি ক্যাম্প থেকে ১০-১২ জনের একদল সেনা সদস্য সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া গ্রামে বেলা ১১টায় এসে পৌঁছে। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা স্বর্গপুর বিহার এলাকায় চলে গেছে বলে জানা গেছে।
অন্যদিকে, খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি জোন হতে ১২টি গাড়ী যোগে শতাধিক সেনা সদস্য গতকাল (২০ জুলাই) শুকনাছড়ি আর্মি ক্যাম্পে (বর্মাছড়ি আর্মি ক্যাম্প) এসে রাতে অবস্থান করে। সেখান থেকে আজ সকাল ১০টার পর ৪০ জনের একদল সেনা সদস্য বর্মাছড়ি বাজারে অবস্থিত ২নং ফটিকছড়ি ইউনিয়ন ভবনে অবস্থান নেয়। তারা উল্টাছড়ি এলাকায় যাবে বলে লোকজনকে বলছে।
আর ৪৫ জনের অপর একটি দল বর্মাছড়ি ইউনিয়নের অন্তর্গত হুদুকছড়ি উচ্চ বিদ্যালয়ে গিয়ে অবস্থান করছে।
লক্ষীছড়ি জোন হতে আরো ৪০ জনের অপর একদল সেনা সদস্য আজ দুপুর ১২টার দিকে ভুজুলিচুগ মোন এলাকায় গিয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
কাউখালী, কুদুকছড়ি ও লক্ষীছড়িতে সেনা অভিযানের খবরে সংশ্লিষ্ট এলাকায় জনমনে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকার একাধিক ব্যক্তি মনে করছেন, সেনা অভিযানে এলাকায় মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে। নিরীহ ও নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হতে পারেন। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত (৩:৪৫টা) সেনারা স্ব স্ব জায়গায় অবস্থান করার খবর জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার লোকজন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
