খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থান, জনমনে আতঙ্ক

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১ এপ্রিল ২০২৬
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ১৭ নম্বর এলাকার জোরমরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর থেকে একদল সেনা সদস্য অবস্থান করছে। এতে এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী এ প্রতিবেদকে জানান, সেখানে অবস্থান নেয়ার পর পরই সেনা সদস্যরা আশে-পাশের আপ্রুসি পাড়া ও হেডম্যান পাড়া এলাকায় টহল দিয়ে তৎপরতা চালিয়েছে।
সেনাবাহিনীর এই অবস্থানের কারণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। যার ফলে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অপরদিকে, সেনারা বিদ্যালয়ে অবস্থান করার কারণে শিক্ষার্থীদের পাঠদান ও পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা করছেন অভিভাবকরা।
রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনারা উক্ত বিদ্যালয়ে অবস্থান করছে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
