খাগড়াছড়ির রামগড়ে সেটলার কর্তৃক পাহাড়িদের জমি বেদখলের প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাধীন পাতাছড়া ইউনিয়নের ২৩৭ নং নভাঙা মৌজার পিলাভাঙা গ্রামে বিজিবির সহায়তায় সেটলার কর্তৃক পাহাড়িদের আনুমানিক ১০ একর জমি বেদখলের চেষ্টা চলছে বলে খবর পাওয়া গেছে।
গত ৬ জুন থেকে সেটলাররা বিজিবির(বর্ডার গার্ড বাংলাদেশ) প্রহরায় ৮০ বছরের বৃদ্ধ পূর্ণ চন্দ্র চাকমার (পিতা মৃত ময়ূরধ্বজ চাকমা) বন্দোস্তীকৃত ও দখলীসত্বাধীন জমি জোরপূর্বক দখল করে ঘরবাড়ি নির্মাণ করছে। এখানে ৪৫টি সেটলার পরিবারকে বসতি দেয়া হবে বলে জানা গেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ির নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে। কোন পাহাড়িকে সেদিকে যেতে দিচ্ছে না।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপন খীসা আজ ১ জুলাই রবিবার এক বিবৃতিতেবিজিবির সহায়তায় সেটলার কর্তৃক পাহাড়িদের জমি বেদখলের প্রতিবাদ জানিয়েছেন।
তিনি অবিলম্বে উক্ত বেদখলকৃত জমি মালিকের কাছে ফিরিয়ে দিয়ে বহিরাগত সেটলার পুনর্বাসন বন্ধ করার দাবি জানান। অন্যথায় জনগণকে নিয়ে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।
