মন্তব্য প্রতিবেদন
রক্তভেজা ‘১৭ই নভেম্বর’ চেতনা জাগ্রত করে : আন্দোলন যত সামনে এগোয়, আপসকামীরা ততই পিছু হটে শাসকগোষ্ঠীর কোলে আশ্রয় নেয়; সাজেকবাসীর সংগ্রাম জয়যুক্ত হোক!

মন্তব্য প্রতিবেদন, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জনগণের অধিকার আদায়ের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসে পার্বত্য চট্টগ্রামের যে ক’টি অঞ্চল অগ্রণী ভূমিকায় ছিল, রাঙ্গামাটির নান্যাচর হচ্ছে তার একটি। নব্বইয়ের দশকে ছাত্র জাগরণের প্রাক্কালে ১৯৯৩ সালের ১৭ নভেম্বর সেনা-সেটলাররা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে নান্যাচরে এক নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত করে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন মতে এতে ৩০ জনের অধিক প্রাণ হারায় এবং শতাধিক আহত হয়।
পার্বত্য চট্টগ্রামের অন্যান্য হত্যাকাণ্ডের মতো নান্যাচর হত্যাকাণ্ডে তদন্ত কমিটি হলেও বরাবরের মতো চিহ্নিত খুনী ও লুটপাতকারী দুর্বৃত্তদের সাজা হয়নি। হত্যাকাণ্ডের ৩৩ বছর হতে চললো। এ বেদনাঘন দিনে শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জানাই।
এখানে অতি দুঃখের সাথে উল্লেখ করতে হয়, এ নারকীয় হত্যাকাণ্ডের সপ্তাহ খানেকের মধ্যে ২৪ নভেম্বর ১৯৯৩ সালে খাগড়াছড়ি সার্কিট হাউজে সরকারের প্রতিনিধি কর্নেল অলি (অব:) আহম্মদের সাথে সন্তু লারমা সংলাপের টেবিলে বসেন। স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা ছিল নান্যাচর হত্যাকাণ্ডও গুরুত্বের সাথে এতে স্থান পাবে, প্রতিটি আন্দোলনে তাই হয়।
বড় বেদনাদায়ক ও নিন্দনীয় বিষয় এই, বৈঠকে শহীদদের স্মরণে ন্যূনতম নীরবতাও পালন করা হয়নি, বৈঠকে কর্ণেল অলি সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেননি। জানা যায়, অলি আহম্মেদ উল্টো পিসিপি’র বিষোদগার করেন, জানতে চান পিসিপি কার। সন্তু লারমা আলাদা সংগঠন বলে জানালে, অলি আহম্মেদ পিসিপিকে দেখে নেবেন বলেও ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন। অন্যদিকে জনগণের পক্ষে বৈঠকে নেতৃত্বদানকারী সন্তু লারমা সবাইকে হতবাক ও ব্যথিত করে বৈঠকে রহস্যজনক ভূমিকা পালন করেন। নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তা-সেটলার সর্দারদের বিচারের দাবিতে দৃঢ়তা প্রদর্শনের পরিবর্তে তিনি সরকারের স্বার্থ প্রাধান্য দিয়ে অলি আহম্মেদের কথায় সায় দেন। পরবর্তীতে তিনি নিজেই সরকারি ভাষ্যের প্রতিধ্বনি করে অলি আহম্মেদের প্রতিমূর্তি ধারণ করেন। ১৯৯৫ সালের ১৫ জুন ধুধুকছড়ায় ‘জঙ্গী আন্দোলন করে স্বায়ত্তশাসন আদায় হয় না’ বলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সন্তু লারমা সবাইকে হতচকিত করে দেন। সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার জাগরণ ও উত্থান রোধ করতে তিনি প্রতিবিপ্লবী তত্ত্ব দেন এবং নানা অসংলগ্ন আপত্তিকর কথাবার্তা বলেন।
ঘটনাবলী পর্যালোচনা করলে দেখা যায়, পার্বত্য চট্টগ্রামে যখনই সরকারের বিরুদ্ধে জনগণ জেগে ওঠে, লড়াই সংগ্রাম জোরদার হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, তখনি সন্তু লারমা তা ভেস্তে দিয়েছেন। আশির দশকে ফেনিতে শান্তিবাহিনীর সেটলার বিতাড়ন অভিযানও তিনি বন্ধ করে দিয়েছিলেন। তার পরিণামে ‘লাম্বা-বাধি’ দ্বন্দ্বে জনসংহতি সমিতি ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়।
যদি আমরা সত্যি সত্যিই ‘অধিকার’ চাই, তাহলে আমাদের অবশ্যই জনগণের লড়াইয়ের মানসিকতাকে আরও চাঙ্গা করতে হবে এবং দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া শুধু সার্কিট হাউজ ও রাষ্ট্রীয় অতিথি ভবনে সংলাপ, সুন্দরবনের মত হোটেলে সেমিনার-সভা করে দাবি আদায় করা যায় না, ‘পার্বত্য চুক্তি’ বর্তমান দশা থেকে তা আজ দিবালোকের মত স্পষ্ট হয়েছে।
এখানে লক্ষ্যণীয় দিক হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের একটি অগ্রসর অঞ্চল রাঙ্গামাটির নান্যাচরেও ছাত্র-জনতা আন্দোলনে জেগে ওঠেছিল। নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে তারা সংগঠিত হয়। এমনি প্রেক্ষাপটে নান্যাচর পিসিপি থানা শাখা ১৯৯৩ সালের ১৭ নভেম্বর ফেরিঘাটের ছাত্রীছাউনি সেনা দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের ডাক দেয়। সেটি ছিল গণতান্ত্রিক দাবি ও অত্যন্ত যুক্তিসঙ্গত। কিন্তু দখলদার বাহিনীর মানসিকতাসম্পন্ন সেনা কর্মকর্তারা তা মেনে নিতে পারেনি। পিসিপি’র ডাকা কর্মসূচি ভেস্তে দিতে তাদের চিরাচরিত কৌশল প্রয়োগ করে সেটলারদের দিয়ে একই দিন পাল্টা কর্মসূচি ঘোষণা দেয়। বুড়িঘাট ইসলামপুর থেকে লঞ্চ ট্রলার যোগে নান্যাচর বাজারে সেটলারদের জড়ো করে। সেনারা নিজেরা পুরোপুরি যুদ্ধ সাজে হেলমেট পরিধান করে নান্যাচর বাজারে অবস্থান নেয়। পিসিপি’র নেতৃত্বে সমবেত ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল এগুতে চাইলে পরিকল্পনামত সেনা গুলি চালিয়ে লোকজন ছত্রভঙ্গ করে দেয়। তার সমানতালে সেটলাররা বল্লম ও ধারাল অস্ত্র দিয়ে নিরস্ত্র পাহাড়িদের ওপর ঝাঁপিয়ে পড়ে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে। ঘটনার প্রতিবাদে নিন্দার ঝড় ওঠে। পিসিপি প্রতিবাদ মুখর হয়। দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসমূহ সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানায়।
এখানে উল্লেখ্য যে, নান্যাচর ফেরিঘাটের একমাত্র যাত্রী ছাউনিটির দখল নিয়ে সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ সেটি চেকপোস্ট হিসেবে ব্যবহার করে। সাধারণ যাত্রী ও বাজারে আগত লোকজনদের সময়ে-অসময়ে থামিয়ে সেনারা জিজ্ঞাসাবাদ, তল্লাশি চালিয়ে নানভাবে হেনস্থা ও অপদস্থ করত। বিভিন্ন সময় ছাত্রী ও তরুণীরা অশোভন আচরণের শিকার হতো, কোথাও প্রতিকার পাওয়ার অবস্থা ছিল না। এতে লোকজন ছিল ক্ষুব্ধ। যাত্রীছাউনিটি জনসাধারণের বিশ্রামস্থলের পরিবর্তে এক টর্চার সেলে পরিণত হয়। কিন্তু ফৌজি শাসনের দাপটে মুখ ফুটে কারোর কিছু বলার অবস্থা ছিল না।
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের কার্যক্রম বিস্তার হতে থাকলে স্বাভাবিকভাবে নান্যাচরে তার প্রভাব পড়ে। এমনি প্রেক্ষাপটে ১৯৯৩ সালের ২৭ অক্টোবর নান্যাচরে সফলভাবে পিসিপি’র প্রথম থানা কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে তৎকালীন পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি প্রসিত খীসা ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক করুণাময় চাকমাসহ বেশ ক’জন জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে পরের দিন ২৮ অক্টোবর অংশগ্রহণকারী অতিথিগণ ফিরে যাওয়ার পথে নান্যাচর যাত্রী ছাউনিতে প্রহরারত সেনা জওয়ানদের দ্বারা অন্যায়ভাবে হেনস্থার শিকার হন। তা বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে শত শত স্কুল শিক্ষার্থী রাস্তায় বেরিয়ে আসে। তৎক্ষণাৎ বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়। ঘটনা জানাজানি হলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি-দীঘিনালায় প্রতিবাদ বিক্ষোভ হয়। বিশেষ করে খাগড়াছড়ি ও দীঘিনালায় বড় ধরনের আন্দোলন গড়ে ওঠে। খাগড়াছড়িতে ২৮, ২৯ ও ৩০ অক্টোবর পর পর পিসিপি’র ডাকা কর্মসূচিতে প্রশাসন অচল পড়ে। খাগড়াছড়ির নারাঙহিয়ায় প্রতিষ্ঠিত ‘রেড স্কোয়ার’ এ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল। সে সময় গণআন্দোলনের জোয়ারে সেনাদের দোসর স্পাইরা কোণঠাসা হয়ে পড়ে। পিছু হটতে বাধ্য হয় সেনারা। দীঘিনালা-সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পিসিপি’র শাখা বিস্তার হতে থাকে। আন্দোলন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে একদিকে মুক্তিকামী জনগণ নতুন করে আশায় বুক বাঁধে এবং আন্দোলনে যুক্ত হতে থাকে।
অন্যদিকে ছাত্র-জনতার এ উত্থান শাসকগোষ্ঠীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লবী চেতনাকে টিকিয়ে রাখা এবং বিকশিত করা যেখানে যে কোন দূরদর্শী আন্দোলনকারী নেতৃত্বের জন্য প্রধান করণীয় হিসেবে গ্রহণ করা উচিত ছিল। কিন্তু তার বিপরীতে সন্তু লারমা আন্দোলনের উত্তাল জোয়ারের আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েন। ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়ান। লড়াই সংগ্রামের জোরদারের দাবিতে ছাত্র-জনতা যতই দমন-পীড়ন তোয়াক্কা না করে আত্মবলিদানে নির্ভীক হয়ে উঠছিল, বিভিন্ন জায়গায় ত্যাগ-তিতিক্ষা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করছিল (আজও সাজেকবাসী প্রমাণ দিচ্ছেন), তিনি ততই পিছু হটে গোপন দূতিয়ালীর মাধ্যমে শাসকগোষ্ঠীর সাথে সমঝোতায় ব্যতিব্যস্ত হয়ে পড়েন। অবশেষে লিখিত ও অলিখিত ‘পার্বত্য চুক্তি’ ও সারেন্ডারের মাধ্যমে আঞ্চলিক পরিষদের গদি দখল করে বসেন। বিগত ২৯ বছর ধরে তিনি আঞ্চলিক পরিষদে বসে আন্দোলনরত জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। সাজেকসহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে তাদের স্বাভাবিক জীবনযাত্রায়ও নানাভাবে বাধা সৃষ্টি করে জীবনের হুমকি দিচ্ছেন। সাজেকবাসী সন্তু লারমার সশস্ত্রগোষ্ঠীর বিরুদ্ধে মুখ খুলতে ও অবরোধের মত কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক লড়াইয়ের ঐতিহ্য ধারণ করে সাজেকবাসী আন্দোলন চালিয়ে যাচ্ছে, এ আন্দোলন জয়যুক্ত করার মাধ্যমে আরও বৃহত্তর আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হবে। এতে জেগে ওঠবে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে সংঘটিত আন্দোলন। এতে ভীত শঙ্কিত আপোষকামীরা জনগণের পক্ষ ত্যাগ করে সরকারের কোলে আশ্রয় নেবে।
পার্বত্য চট্টগ্রামে এখন দু’টি ধারা স্পষ্ট জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোন ত্যাগ শিকারে প্রস্তুত আন্দোলনকামী অংশ; আর অন্যটি নিজেদের ব্যক্তি ও গোষ্ঠীগত ক্ষমতা-স্বার্থ অক্ষুণ্ন রাখতে সরকারের পক্ষাবলম্বনকারী গোষ্ঠী। সরকারের ক্ষমতার অংশীদার হিসেবে এরা নানাভাবে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যারা জনগণের অধিকার চাইবেন, তাদেরকে সাজেকবাসীর পক্ষে দাঁড়াতে হবে।#
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
