গুইমারা ও লক্ষীছড়িতে স্কুলে সেনা অবস্থান, পাঠদান ব্যাহত

0

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ মে ২০২৬

গত ৩০ এপ্রিল থেকে ৪০ জনের অধিক একটি সেনাদল গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নাক্রেই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ও অন্যান্য শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন।

ঐদিন বিকাল ৪:০০ টার দিকে গুইমারা ব্রিগেড থেকে ৬টি গাড়ি যোগে সেনা সদস্যরা সেখানে যায়। পরদিন থেকে তারা পিলাক-বাত্যা পাড়ার সীমানায় তাদের পুরনো ক্যাম্প খোঁজার নামে পাশের কয়েকটি পাহাড়ে ঘোরাঘুরি করছে।

আজ (৬ মে) সকালে আরো দুটি গাড়িতে করে একদল সেনা সদস্য সেখানে যোগ দেয় বলে জানা গেছে।

এদিকে লক্ষীছড়ি উপজেলার ১নং লক্ষীছড়ি ইউনিয়নের নীল কুমার কার্বারী পাড়ায় গতকাল বিকাল ৩:০০টার দিকে ১৪ জনের একটি সেনাদল মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। লক্ষীছড়ি জোনের অধীন শুকনাছড়ি সাবজোন থেকে সেনারা সেখানে যায় এবং আজও তারা সেখানে অবস্থান করছে।

স্কুলঘরকে সেনারা তাদের অপারেশনাল ক্যাম্প বানানোর কারণে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সাংঘাতিকভাবে ব্যহত হচ্ছে। স্কুলে সেনাদের অবস্থানের কারণে শিক্ষকরা ক্লাশ নিতে পারছেন না। অপরদিকে সেনাদের ভয়ে ও স্কুলের রুম সেনারা দখল করে রাখায় শিক্ষার্থীরাও স্কুলে যাচ্ছে না।

এতে তাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। এলাকাবাসী সরকার ও সেনা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More