শোক সংবাদ

কারাগারে বন্দি ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমার মায়ের জীবনাবসান

0
প্রয়াত চম্পা চাকমা

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৬ মে ২০২৬

কারাগারে বন্দি অবস্থায় থাকা ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমার মা চম্পা চাকমার জীবনাবসান হয়েছে।

আজ বুধবার (৬ মে ২০২৬) ভোর ৫টা ০৪ মিনিট সময়ে দীঘিনালার সাধনাটিলা বনবিহারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর। তিনি একজন ধার্মিক নারী ছিলেন।  

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। এর মধ্যে বড় ছেলে প্রদীপ চাকমা গ্রেফতার হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এতে তাঁর অসুস্থতার মাত্রা বৃদ্ধি পায়। এরপর সেবা-শুশ্রূষা করার জন্য তাঁর আরেক ছেলে বুদ্ধবংশ ভান্তে তাঁকে নিজ বাড়ি লংগদুর কাট্টলী থেকে দীঘিনালার সাধনাটিলা বনবিহারে নিয়ে আসেন। সেখানে বুদ্ধবংশ ভান্তের (সাধনাটিলা বনবিহারের অধ্যক্ষ) তত্ত্বাবধানে সেবা-শুশ্রূষা ও চিকিৎসা চলা অবস্থায় তাঁর জীবনাবসান হলো।

বর্তমানে তাঁর মরদেহ সাধনাটিলা বনবিহারে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

প্রদীপ চাকমার মায়ের মৃত্যুতে ইউপিডিএফের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে চিকিৎসারত থাকা অবস্থায় গত ১২ মার্চ দিবাগত মধ্য রাতে ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমাকে র‌্যাব গ্রেফতার করে। বর্তমানে মিথ্যা মামলায় তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন।  



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More